সাবেক আইন প্রতিমন্ত্রী শাহজাহান ওমরকে দুদকে তলব

আপডেট : ২৩ অক্টোবর ২০১৩, ২২:৪২
জ্ঞাত আয় বহির্ভূত প্রায় শত কোটি টাকার সম্পদ অর্জন এবং বিদেশে অর্থ পাচারের অভিযোগে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক আইন প্রতিমন্ত্রী ব্যারিস্টার শাহজাহান ওমর বীর উত্তমকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। এর আগে গত ৯ অক্টোবর তাকে জিজ্ঞাসাবাদের জন্য দুদক থেকে চিঠি দেয়া হয়। দুদক সূত্র জানায়, ব্যারিস্টার শাহজাহান ওমরের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ কমিশনে জমা পড়লে দুদক তা আমলে নিয়ে অনুসন্ধান শুরু করে। প্রায় এক মাস প্রাথমিক অনুসন্ধান শেষে তার বিরুদ্ধে প্রায় শত কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের খোঁজ পায় কমিশন। এছাড়া অবৈধভাবে অর্জিত সম্পদের কিছু অর্থ তিনি লন্ডনে পাচার করেছেন বলেও অভিযোগ রয়েছে। দুদকের উপ-পরিচালক মো. হারুন-অর-রশিদ এ অভিযোগ অনুসন্ধান করছেন বলে জানা গেছে।