প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা বলেছেন, রামপালে কয়লাভিত্তিক বিদ্যুত্ কেন্দ্র নির্মাণ হলে পরিবেশের কোন ক্ষতি হবে না। আর আমাদের সরকার পরিবেশের ক্ষতি হয় এমন কোনো সিদ্ধান্ত কখনো গ্রহণ করেনি এবং আগামীতেও করবে না।
টানা ১৩ দিন মুলতবির পর গতকাল বুধবার বিকালে জাতীয় সংসদের অধিবেশন শুরু হলে প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী সংসদকে এ কথা জানান। শেখ হাসিনা বলেন, যেখানেই উত্পাদন হোক না কেন বিদ্যুত্ জাতীয় গ্রীডেই আসবে। কয়লাভিত্তিক বিদ্যুত্ উত্পাদন করলে পরিবেশ নষ্ট হয়ে যাবে যারা বলেন- তারা আসলে এ বিষয়ে কিছুই জানেন না। দিনাজপুরের বড়পুকুরিয়ায় কয়লাভিত্তিক বিদ্যুত্ কেন্দ্র রয়েছে। আর এ কেন্দ্রের চারদিকে রয়েছে সবুজ বেষ্টনী, ধানক্ষেত, গাছ-পালা ও জলাধার। তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র, ডেনমার্ক, ফিনল্যান্ড, অস্ট্রেলিয়া, ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে বড় বড় কয়লাভিত্তিক বিদ্যুত্ কেন্দ্র সেসব দেশের পরিবেশের ক্ষতি করেনি।
আমরা কয়লাভিত্তিক ছয়টি বিদ্যুত্ কেন্দ্র নির্মাণ করবো উল্লেখ করে শেখ হাসিনা বলেন, এ নিয়ে যারা আন্দোলন করছেন তাদেরকে বলছি, আপনারা অহেতুক জনগণকে বিভ্রান্ত করবেন না। আমি দেশবাসীকে আশ্বস্ত করে বলছি, রামপালে কয়লাভিত্তিক বিদ্যুত্ কেন্দ্র পরিবেশের কোনো ক্ষতি করবে না।
সংসদ নেতা আরও বলেন, আওয়ামী লীগ সরকার দায়িত্ব গ্রহণের দিন ২০০৯ সালের ৬ জানুয়ারি বিদ্যুতের উত্পাদন ছিলো তিন হাজার ২৬৮ মেগাওয়াট। আমাদের গৃহীত পদক্ষেপের ফলে বিদ্যুত্ উত্পাদন বৃদ্ধি পেয়ে ছয় হাজার ৬৭৫ মেগাওয়াটে উন্নীত হয়েছে। ৫৭টি বিদ্যুত্ কেন্দ্র নির্মাণ করা হয়েছে এবং আরও ৩২টি বিদ্যুত্ কেন্দ্র নির্মাণাধীন রয়েছে।
সম্পূরক প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, ২০১১-১২ অর্থ বছরের তুলনায় ২০১২-১৩ অর্থ বছরে রফতানি বৃদ্ধি পেয়েছে ১১ দশমিক ১১ ভাগ। একই সময়ে আমদানি হ্রাস পেয়েছে চার দশমিক ৩২ ভাগ। রফতানি আয় এক বছরে ১৬ হাজার থেকে ২৭ হাজার মিলিয়ন ডলারে উন্নীত হয়েছে। ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে উন্নীত করাই আমাদের লক্ষ্য।
সরকারের প্রধান ১০ সাফল্য
প্রধানমন্ত্রী বর্তমান সরকারের উল্লেখযোগ্য ১০টি প্রধান সাফল্যের কথা গতকাল সংসদকে জানান। এগুলো হলো: ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠা, দ্রুত বর্ধনশীল ও গতিশীল অর্থনীতি, সুশাসন প্রতিষ্ঠা, বাণিজ্য ও শিল্পের প্রসার, শিক্ষার সুযোগ সৃষ্টি, খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা, যোগাযোগ ও অবকাঠামো উন্নয়ন, সামাজিক নিরাপত্তা জোরদার, বিদ্যুত্ উত্পাদন ও বিতরণে অগ্রগতি এবং সরকারি সেবা বর্ধিতকরণ।
