নবম জাতীয় সংসদের চলতি ১৯তম অধিবেশন আগামী ৭ নভেম্বর পর্যন্ত চলবে। গতকাল বুধবার বিকালে জাতীয় সংসদ ভবনে কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়। প্রয়োজনে অধিবেশনের মেয়াদ কমানো অথবা বৃদ্ধির বিষয়টি স্পিকারের ওপর ছেড়ে দেয়া হয়েছে। অধিবেশন চলাকালে এর মেয়াদ নিয়ে এবারই কার্য উপদেষ্টা কমিটি দুই দফা বৈঠক করেছে।
বিকাল সাড়ে তিনটায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে কার্য উপদেষ্টা কমিটির বৈঠক শুরু হয়। বৈঠক সূত্রে জানা গেছে, চলতি ১৯তম অধিবেশন আগামী ৭ নভেম্বর পর্যন্ত চালানোর সিদ্ধান্ত নেয়া হয়। অধিবেশনের মেয়াদ বৃদ্ধি বা কমানোর বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করতে কমিটি স্পিকারকে দায়িত্ব দিয়েছে। বৈঠকে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা উপস্থিত ছিলেন। এছাড়াও কমিটির সদস্য ডেপুটি স্পিকার কর্নেল (অব.) শওকত আলী, সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, চিফ হুইপ উপাধ্যক্ষ মো. আবদুস শহীদ, দফতরবিহীন মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত, শেখ ফজলুল করিম সেলিম, তোফায়েল আহমেদ, অ্যাডভোকেট মো. ফজলে রাব্বী মিয়া, আলহাজ্ব অ্যাডভোকেট মো. রহমত আলী, রাশেদ খান মেনন এবং অ্যাডভোকেট আবদুল মতিন খসরু অংশগ্রহণ করেন। বিশেষ আমন্ত্রণে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ বৈঠকে যোগদান করেন।
গতকালের বৈঠকে বেসরকারি বিল নির্যাতন ও হেফাজতে মৃত্যু (নিবারণ) বিল ২০০৯ এবং পিতা-মাতার ভরণ-পোষণ বিল ২০১০ চলতি অধিবেশনে পাস করার সিদ্ধান্ত হয়েছে। এছাড়া সরকারি বিলগুলো দ্রুত পাস করার প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার পরামর্শ দেয়া হয়।
গত ১২ সেপ্টেম্বর সংসদের ১৯তম অধিবেশন শুরু হয়। আর সেদিন কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে ২৪ অক্টোবর পর্যন্ত অধিবেশন চালানোর সিদ্ধান্ত নেয়া হয়েছিল।
