বেসিস ও ব্র্যাকের ১০ লক্ষ আইটি প্রফেশনাল তৈরির লক্ষ্য

আপডেট : ২৪ অক্টোবর ২০১৩, ১৯:৫০
গত ২৩ অক্টোবর বেসিস সভাপতি শামীম আহসানের নেতৃত্বে তিন সদস্যের একটি বেসিস প্রতিনিধিদল ব্র্যাকের প্রতিষ্ঠাতা ও চেয়ারপার্সন স্যার ফজলে হাসান আবেদ কেসিএমজি’র সাথে ব্র্যাক প্রধান কার্যালয়ে সাক্ষাত্ করেন। এ সময় বেসিস সভাপতি আগামী পাঁচ বছরের মধ্যে তথ্যপ্রযুক্তি খাতে ১০ লক্ষ আইটি ও বিজনেস প্রসেস আউটসোর্সিং (বিপিও) প্রফেশনাল তৈরি এবং ১ বিলিয়ন মার্কিন ডলার রপ্তানি আয়ের লক্ষ্যের কথা উল্লেখ করেন। দেশব্যাপী এই ১০ লক্ষ প্রফেশনাল তৈরির লক্ষ্যে প্রশিক্ষণ প্রদানের প্রকল্পে বেসিসকে সহায়তা করবে ব্র্যাক। এ ছাড়াও আইটি কোম্পানিগুলোর স্বল্প মেয়াদে এবং প্রকল্পভিত্তিক ব্যাংক ঋণ সংগ্রহের ক্ষেত্রেও বেসিস ও ব্র্যাক একসাথে কাজ করবে। আলোচনা শেষে বেসিস সভাপতি শামীম আহসান ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদের হাতে একটি সম্মাননা স্মারক তুলে দেন। এ সময় বেসিস পরিচালক নাভিদুল হক, প্রাক্তন সভাপতি রফিকুল ইসলাম রাউলি এবং ব্র্যাকের ঊর্ধ্বতন পরিচালক (স্ট্র্যাটেজি, কমিউনিকেশন অ্যান্ড ক্যাপাসিটি) আসিফ সালেহ উপস্থিত ছিলেন।