যশোরে একটি মসজিদের ছাদ থেকে ৫টি হাতবোমা উদ্ধার করা হয়েছে। বুধবার দুপুরে শহরের শংকরপুর গোলপাতা মসজিদের ছাদ থেকে এ বোমা উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ। স্থানীয় লোকজন মসজিদের ছাদে বোমা দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। আতঙ্ক সৃষ্টির জন্য দুর্বৃত্তরা মসজিদের ছাদে বোমা রাখতে পারে বলে পুলিশ ধারণা করছে।
এদিকে র্যাব সদস্যরা অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, গান পাউডার ও বোমা তৈরির সরঞ্জামসহ সুজন (২০) নামে এক দুর্বৃত্তকে আটক করেছে। আটক সুজন শহরের শংকরপুর এলাকার জালালের ছেলে। বুধবার দুপুরে শহরের বেজপাড়া তালতলা এলাকা থেকে তাকে আটক করা হয়। র্যাব-৬ যশোর ক্যাম্পের কমান্ডার মেজর জাহিদ জানান, শহরের বেজপাড়া তালতলা এলাকায় অভিযান চালিয়ে সুজনকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১টি ৭.৬৫ এমএম পিস্তল, ১ কেজি গান পাউডার, ২২টি জর্দার কৌটা ও ২টি হাসুয়া উদ্ধার করা হয়েছে। অভিযানের সময় চিহ্নিত সন্ত্রাসী জুম্মানসহ কয়েকজন পালিয়ে গেছে। অন্যদিকে ৪টি হাতবোমাসহ রফিকুল ইসলাম রফিক (২৫) নামে এক দুর্বৃত্তকে আটক করেছে পুলিশ। আটক রফিকুল শহরের রেলগেট চোরমারা দীঘিরপাড় এলাকার মনি মিস্ত্রির ছেলে। মঙ্গলবার রাতে পুলিশ ঐ এলাকার আলীগড় জামে মসজিদের সামনে থেকে তাকে আটক করেন।
