কাশিয়ানীতে ছাত্রলীগের কমিটি বাতিলের দাবিতে মহাসড়ক অবরোধ

আপডেট : ২৪ অক্টোবর ২০১৩, ২০:৫৬
জেলার কাশিয়ানীতে উপজেলা ছাত্রলীগের নতুন কমিটি বাতিলের দাবিতে ছাত্রলীগের বঞ্চিত নেতা-কর্মীরা বুধবার ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে। এ সময় জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে উপজেলায় অবাঞ্ছিত ঘোষণা করা হয়। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উপজেলা ছাত্রলীগের নেতা-কর্মীরা সকালে ঢাকা-খুলনা মহাসড়কের তিলছড়ায় ব্যারিকেড দিয়ে বিক্ষোভ করে। এ সময় সড়কের উভয়পাশে কিছু যানবাহন আটকা পড়ে। পরে বেলা সাড়ে ১১টার দিকে পুলিশ অনুরোধ করলে তারা অবরোধ প্রত্যাহার করে নেয়। অবরোধ চলাকালে কাশিয়ানী এম. এ খালেক ডিগ্রি কলেজ শাখার সভাপতি ইয়াসির আরাফাত সুমন, সাধারণ সম্পাদক মো. তৌহিদুর রহমান, কলেজের ছাত্রলীগের ভিপি আজাদ হোসেন মৃধা, জিএস. এমদাদুল ইসলাম স্বপন, লিটন মোল্লা, রাকিব মুন্সি প্রমুখ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। কাশিয়ানী এম. এ খালেক ডিগ্রি কলেজ ছাত্রলীগের সভাপতি ইয়াসির আরাফাত সুমন অভিযোগ করে বলেন, ত্যাগী নেতা-কর্মীদের বাদ দিয়ে গত সোমবার সাইফুল ইসলাম মোল্লা দুখু সভাপতি ও তুহিন খানকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্যের কাশিয়ানী উপজেলা ছাত্রলীগের নতুন কমিটি গঠন করা হয়। এতে অনেক ত্যাগী নেতা বঞ্চিত হয়েছেন। আমরা এ কমিটি বাতিলের দাবি জানাই। গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল হামিদ বলেন, গঠনতন্ত্র অনুযায়ী ত্যাগী ও সক্রিয় নেতা-কর্মীদের নিয়ে কাশিয়ানী উপজেলা ছাত্রলীগের কমিটি গঠন করা হয়েছে। এখানে বিবাহিত ও ছাত্র নয় এমন কাউকে রাখা হয়নি।