ক্যারিবিয়ানদের সুযোগ দেখছেন স্যামি

আপডেট : ১৯ মে ২০১৯, ২১:৫২

আসন্ন বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজকে নিয়েই বাজি ধরছেন দলটির সাবেক অধিনায়ক ড্যারেন সামি। ২০১২ এবং ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী ওয়েস্ট ইন্ডিজকে নেতৃত্ব দেওয়া সাবেক এ অলরাউন্ডার মনে করছেন ইতিমধ্যেই একদিনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেওয়া ক্রিস গেইলের জন্য বিশ্বকাপ জিততে চাইবে দল।  তিনি বলেন, ‘ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপ জিতবে। অবসরের পথে থাকা ‘ইউনিভার্স বস’ গেইল বড় কিছু নিয়ে বিদায় নেবেন। আমি এটাই মনে করছি।’ যদিও, ওয়ানডে র্যাংকিংয়ে বর্তমানে অষ্টম স্থানে আছে ওয়েস্ট ইন্ডিজ। সাম্প্রতিক সময়ে তাদের পারফরম্যান্সও আহামরি কিছু নয়। তবে, স্যামি মনে করেন বিশ্বকাপে চমকে দেবে ক্যারিবিয়ানরা। তার দাবি, ইংলিশ কন্ডিশনে কার্যকর ভূমিকা রাখার মতো বোলার ওয়েস্ট ইন্ডিজ দলে রয়েছে। তিনি বলেন, ‘আমি মনে করি আমাদের দলের ব্যাটিং লাইনআপটা খুবই ভালো। মূল কাজটা করতে হবে বোলারদের, যারা ইংলিশ কন্ডিশনে উইকেট নিতে পারবে এবং আমি মনে করি আমাদের সে বোলিং লাইনআপ আছে।’

বিশ্বকাপ শুরু হবে আগামী ৩০ মে। এর পরদিন মানে ৩১ মে নটিংহামের ট্রেন্ট ব্রিজে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে ২০১৯ বিশ্বকাপ মিশন শুরু করবে ওয়েস্ট ইন্ডিজ।