কবি ওমর আলী গুরুতর অসুস্থ

আপডেট : ২৪ অক্টোবর ২০১৩, ২২:১৪
পঞ্চাশ দশকের অন্যতম প্রধান কবি ও বাংলা একাডেমীর পুরস্কার প্রাপ্ত অধ্যাপক ওমর আলী গুরুতর অসুস্থ। পাবনা সদর উপজেলার চরআশুতোষপুর গ্রামের নিজ বাড়িতে আছেন তিনি। ২০১২ সালের ২৩ মার্চ তিনি স্ট্রোকে গুরুতর অসুস্থ হন। তখন থেকেই তিনি শয্যাশায়ী। অর্থ কষ্টে দিনাতিপাত করছেন। টাকার অভাবে উন্নত চিকিত্সা করাতে পারছেন না। জেলা পরিষদ, জেলা প্রশাসনসহ বিভিন্ন প্রতিষ্ঠান থেকে সাহায্য সহায়তা পেলেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। ইতিমধ্যে দেশের অনেক বরেণ্য কবি, সাহিত্যিক, সাংবাদিক তাকে দেখতে এসেছেন। পাবনা জেলার চর শিবরামপুর গ্রামে মাতুলালয়ে ১৯৩৯ সালের ২০ অক্টোবর দরিদ্র এক মুসলিম কৃষক পরিবারে জন্মগ্রহণ করেন কবি ওমর আলী। এক সময় তিনি বাংলাদেশ ও ভারতের বিভিন্ন জাতীয় দৈনিক, সাপ্তাহিক ও সাহিত্য সাময়িকীতে নিয়মিত কবিতা লিখেছেন। এ যাবত্ কবিতা ও উপন্যাস মিলে তাঁর ৪০টি গ্রন্থ প্রকাশিত হয়েছে।