দেশের রাজনৈতিক অচলাবস্থা নিরসনে কার্যকর উদ্যোগ নেয়ার জন্য দুই নেত্রীর কাছে আহ্বান জানিয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই নেতৃবৃন্দ। গতকাল বিকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়ার কাছে সংগঠনের চিঠি পৌঁছে দেয়া হয়।
ব্যবসায়ী নেতৃবৃন্দ বলেন, বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতিতে দেশের অর্থনীতি, ব্যবসা-বাণিজ্য ক্ষতিগ্রস্ত হওয়ার উপক্রম হয়েছে। সংঘাতময় পরিস্থিতি তৈরি হলে সম্ভাবনাময় বাংলাদেশকে সমৃদ্ধির দিকে এগিয়ে নেয়া যাবে না। বর্তমানে ব্যবসা-বাণিজ্যে যে অচলাবস্থা তৈরি হয়েছে তা সার্বিক অর্থনীতির জন্য ইতিবাচক নয়। তাই সংকট সমাধানে দ্রুত পদক্ষেপ নিতে দুই নেত্রীর কাছে আহ্বান জানান নেতৃবৃন্দ। এফবিসিসিআই সূত্র জানায়, চিঠিতে চলমান সংকট নিরসনে এফবিসিসিআইয়ের পক্ষ থেকে দুই নেত্রীর সঙ্গে দেখা করার আগ্রহ প্রকাশ করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পাঠানো চিঠিতে বলা হয়, বিগত সময়ে অর্থনৈতিক খাতে অর্জন ধরে রাখার জন্য রাজনৈতিক স্থিতিশীলতা দরকার। রাজনৈতিক কর্মকাণ্ডের কারণে যাতে ব্যবসায়িক কার্যক্রমের ক্ষতি না হয় সে জন্য প্রধানমন্ত্রীর দিকনির্দেশনা ও পরামর্শের জন্য তার স্বাক্ষাত্ চাওয়া হয়।
