লোকসভা নির্বাচনের আগে ভারতের রাজনীতিতে কংগ্রেস, বিজেপির সঙ্গে সমদূরত্ব রেখে বাম দলগুলোর সমর্থনে আত্মপ্রকাশ করছে নতুন জোট সংযুক্ত মোর্চা। জোটে রয়েছে সিপিএম, সিপিআই-সহ উত্তরপ্রদেশের শাসক দল সমাজবাদী পার্টি, বিহারের শাসক দল জনতা দল (ইউনাইটেড) এবং জনতা দল (স্যেকুলার)।
নভেম্বরে রাজস্থানে আসন্ন বিধানসভা নির্বাচনে লড়ার পাশাপাশি বিজেপি শাসিত ছত্তিশগড়ে সংযুক্ত মোর্চার ব্যানারে লড়বে জনতা দল (ইউনাইটেড)। নতুন তৃতীয় ফ্রন্টের মূলে বিজেপির সঙ্গ ত্যাগ করে আশা বিহারের মুখ্যমন্ত্রী, জনতা দল (ইউনাইটেড) নেতা নীতীশ কুমার। রাজস্থানে আসন্ন বিধানসভা নির্বাচনে বাম দলগুলোর সঙ্গে জোট গড়ার কথা ঘোষণা করে নীতীশ কুমার বলেন, কংগ্রেস শাসিত রাজস্থানে সিপিআইএম, সিপিআই ছাড়াও সমাজবাদী পার্টি ও জনতা দল (স্যেকুলার)-এর সঙ্গে জোট বেঁধে লড়বে তার দল।
ভারতের রাজনৈতিক মহলের অভিমত, লোকসভা নির্বাচনের আগে কংগ্রেস-বিজেপির সঙ্গে সমদূরত্ব বজায় রেখে কার্যত তৃতীয় ফ্রন্টের দিকেই পা বাড়ালেন বিহারের মুখ্যমন্ত্রী। প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসাবে নরেন্দ্র মোদীর তীব্র বিরোধিতা করে এনডিএ ছাড়ার পর জনতা দল (ইউনাইটেড)-এর অবস্থান নিয়ে দেশের রাজনীতিতে জল্পনা চলছিল। কাছে টানতে নীতীশের দাবি মেনে বিহারকে স্পেশাল আর্থিক প্যাকেজ দেয় ইউপিএ সরকার। তারপরও নীতীশ কংগ্রেসের দিকে পা বাড়ালেন না। তৃতীয় ফ্রন্টের রাস্তা খুলে সেই জল্পনায় পানি ঢেলে দিলেন নীতীশ।
