স্পোর্টস ডেস্ক
অধিনায়ক ভিনসেন্ট কোম্পানির বিদায়ী ম্যাচে ম্যানচেস্টার সিটি এফএ কাপের ফাইনালে ওয়াটফোর্ডকে ৬-০ গোলে হারিয়ে প্রতিযোগিতাটির শিরোপা ধরে রেখেছে। ফলে পুরুষদের ইংলিশ ফুটবলে প্রথম দল হিসেবে সম্ভাব্য তিনটি ঘরোয়া শিরোপাই জিতলো পেপ গার্দিওলার দল। এমন কীর্তিকে চ্যাম্পিয়ন্স লিগ জেতা থেকেও কঠিন মনে করলেও গার্দিওলার বিশ্বাস অচিরেই এর পুনরাবৃত্তি ঘটবে।
সিটিতে এগারোতম মৌসুম শেষে বিদায়ের ঘোষণা আগেই দিয়ে রেখেছিলেন বেলজিয়ান ডিফেন্ডার কোম্পানি। তাই শনিবার ওয়েম্বলির ফাইনালটি জিতে কেবল শিরোপাত্রয়ী নিশ্চিত করাই নয়, অধিনায়কের বিদায় রাঙানোরও দায় ছিল সিটির। তবে ওয়াটফোর্ডের বিপক্ষে ফরোয়ার্ড গ্যাব্রিয়েল জেসাস ও রাহিম স্টার্লিং জোড়া গোল ও মিডফিল্ডার কেভিন ডি ব্রুইন ও ডেভিড সিলভা লক্ষ্যভেদ করলে জয়ের রাস্তায় কোনো বেগই পেতে হয়নি সিটিকে।
মৌসুমের শুরুতে কমিউনিটি শিল্ড জেতা সিটি চলতি বছর ফেব্রুয়ারিতে ইএফএল কাপের ফাইনালে চেলসিকে হারিয়ে শিরোপা ঘরে তুলেছিল। এরপর টানা দ্বিতীয়বারের মতো জিতেছিল ইংলিশ প্রিমিয়ার লিগ শিরোপাও। সিটির এমন সফল মৌসুমে একমাত্র ব্যর্থতা হয়ে আছে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায়। তবে এরপরও সিটির হয়ে অনন্য কীর্তি গড়ার মৌসুমটিকে ক্যারিয়ারেরই অন্যতম সেরা বললেন গার্দিওলা। তিনি বলেন, ‘এটি ম্যানেজার হিসেবে আমার অন্যতম সেরা মৌসুম। একে সেরা বলবো না আমি, তবে এটা সেরাগুলোর মধ্যে একটি।’
প্রথম দল হিসেবে সিটি ঘরোয়া সব শিরোপা জয়ের কীর্তি গড়লেও গার্দিওলা মনে করেন এমন কীর্তির পুনরাবৃত্তি ঘটানো সম্ভব। তিনি বলেন, ‘সবগুলো প্রতিযোগিতায় খেলা এবং এই দেশের অবিশ্বাস্য দলগুলো প্রথম হওয়ার জন্য যা করেছে— এর মানে দাঁড়ায় যদি একটি দল এটি করতে সক্ষম হয়, অচিরেই অন্য কেউ এটা আবারো করে দেখাবে। কিন্তু এই কীর্তি গড়া দল হিসেবে আমরাই প্রথম।’
মৌসুমের সম্ভাব্য তিনটি শিরোপা জয়কে চ্যাম্পিয়ন্স লিগ জয়ের চেয়েও কঠিন মানছেন গার্দিওলা। তিনি বলেন, ‘আমি চ্যাম্পিয়ন্স লিগকে ভালোবাসি কিন্তু এটা (ট্রেবল) করা চ্যাম্পিয়ন্স লিগ জেতার চেয়েও কঠিন।’
এই জয়ের কৃতিত্ব দলের সবার মাঝেই ভাগ করে দিলেন গার্দিওলা। তিনি বলেন, ‘সংগঠনটি ও এর মালিক শেখ মনসুর এবং এই দলের খেলোয়াড়রা অনেক বড় প্রশংসার দাবিদার। কারণ যেখানে একটি ম্যাচ হারলেই বিদায় ঘণ্টা বেজে যায় সেখানে, প্রতি তিন দিনে এক ম্যাচ খেলাটা সহজ ব্যাপার নয়।’
দারুণ সফল মৌসুম শেষে গার্দিওলা জানালেন, সামনের মৌসুমে আরো শক্তিশালী হয়ে মাঠে নামতে চান তিনি। তিনি বলেন, ‘ব্যক্তিগত নৈপুণ্য দেখালেও কিছু খেলোয়াড় একই ভুল বারবার করেছে। তাদের উন্নতি করতে হবে। সম্ভবত আমরা যেভাবে খেলি তাতে সাহায্য করতে কিছু খেলোয়াড় দলে আসতে পারে।’
কারণ হিসেবে এই মৌসুমে লিভারপুলের অবিশ্বাস্য পারফরম্যান্সকে মনে করিয়ে দেন স্প্যানিশ এই কোচ। তিনি বলেন, ‘প্রিমিয়ার লিগটা লিভারপুল থেকে এক পয়েন্টে এগিয়ে থেকে জিতেছি আমরা। এই ব্যবধানটা খুব বেশি নয় এবং ব্যাপারটা ভুলে যাওয়া চলবে না আমাদের।’
