নির্বাচন প্রস্তুতিতে জাতিসংঘের সহায়তা চাইলেন পররাষ্ট্রমন্ত্রী

আপডেট : ২৪ অক্টোবর ২০১৩, ২২:৩১
পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, বড় রাজনৈতিক দলগুলোর আলোচনা ও সমঝোতার মধ্য দিয়ে দেশে একটি সুষ্ঠু, অবাধ, অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচন হবে। এ নির্বাচনের মধ্য দিয়ে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া আরো সুদৃঢ় হবে। আমরা আশা করি, বাংলাদেশের বিশ্বস্ত বন্ধু হিসেবে জাতিসংঘ এ নির্বাচনের প্রস্তুতিতে সহায়তা করবে এবং নির্বাচন পর্যবেক্ষণে তাদের প্রতিনিধি পাঠাবে। গতকাল বৃহস্পতিবার জাতিসংঘ দিবস উপলক্ষে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘জাতিসংঘ কান্ট্রি টিম’ আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিশ্ব সাহিত্য কেন্দ্রের চেয়ারম্যান অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ, জাতিসংঘের আবাসিক সমন্বয়ক ড. থুসারা ফার্নান্দো, জাতিসংঘ তথ্য কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কাজী আলী রেজা ও যুব প্রতিনিধি জুনাঞ্জিনা আহমেদ তৃণা। আবদুল্লাহ আবু সায়ীদ বলেন, দেশকে একটু ভালোবাসা দরকার। কারণ প্রতিনিয়ত ক্ষমতাসীন ও প্রভাবশালীদের প্রতারণার শিকার হচ্ছে জনগণ। এর বিরুদ্ধে তরুণদেরই সাহস নিয়ে এগিয়ে আসতে হবে।