প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দিন আহমেদ বলেছেন, আসন্ন দশম জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি প্রায় চূড়ান্ত। সময়মতোই নির্বাচনের তফসিল ঘোষণা হবে। গতকাল বৃহস্পতিবার দুপুরে কমিশনের বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
সিইসি বলেন, ‘সংবিধান অনুযায়ী ২৫ অক্টোবর থেকে ২৪ জানুয়ারির মধ্যেই দশম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ ক্ষেত্রে যদি ২৫ অক্টোবরের পরও সংসদ অধিবেশন অব্যাহত থাকে, তবে তাতে কোন সমস্যা হবে না। তফসিল ঘোষণার পর এনাফ টাইম দেব আমরা, যাতে কারো কোনো অসুবিধা না হয়।’
যদি সংসদ বহাল রেখে নির্বাচন হয়, সেক্ষেত্রে প্রভাব ফেলবে কিনা এ প্রশ্নের জবাবে সিইসি বলেন, ‘যদি-টদি নিয়ে চিন্তা করবেন না। কমিশন সবধরনের প্রস্তুতি সম্পন্ন করছে। তিনি বলেন, ‘সংবিধান অনুযায়ী যে কোন সংস্থা থেকে আমরা সহযোগিতা চাইতে পারি। তবে বর্তমানে আমাদের বাড়তি কোন শক্তির প্রয়োজন নেই। তবে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে কমিশন কাউকে কোনো ছাড় দেবে না।’
রিটার্নিং অফিসার হিসেবে জেলা প্রশাসকদের নিয়োগ করলে ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ থাকবে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘রিটার্নিং কর্মকর্তা হিসেবে ডিসিদের নিয়োগ দেয়া হবে কি না, তা চূড়ান্ত হয়নি।
এর আগে সকাল ১১টায় প্রধান নির্বাচন কমিশনারের সভাপতিত্বে কমিশনের সভা অনুষ্ঠিত হয়। সভায় অন্যান্যের মধ্যে নির্বাচন কমিশনার মোহাম্মদ আবদুল মোবারক, মোহাম্মদ আবু হাফিজ, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. জাবেদ আলী, মো. শাহ নেওয়াজ, সচিব ড. মোহাম্মদ সাদিক প্রমুখ উপস্থিত ছিলেন।
