বিএনপির পক্ষ থেকে ঢাকায় নিযুক্ত কূটনীতিকদেরকে জানানো হয়েছে, নির্বাচনী সঙ্কট সমাধানে সংলাপের তাগিদ অব্যাহত রাখলেও সরকার অনিহা প্রকাশ করছে। আলোচনার আগ্রহ প্রকাশ করে বিরোধী দলের পক্ষ থেকে ক্ষমতাসীন দলকে চিঠি দেয়া হলেও তার জবাব তারা দেয়নি। গতকাল বৃহস্পতিবার বিএনপির চার সদস্যের একটি প্রতিনিধি দল গুলশানের হেরিটেজ হোটেলে ১৬ দেশের কূটনীতিকদের কাছে এসব প্রসঙ্গ তুলে ধরেন।
বৈঠকে সৌদি আরব, নেদারল্যান্ডস, নরওয়ে, নেপাল, সিঙ্গাপুরের রাষ্ট্রদূত, ভারতীয় হাইকমিশনের সচিব অভিজিত চক্রবর্তী, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, জাপান ও পাকিস্তান হাইকমিশনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বিএনপির প্রতিনিধি দলে ছিলেন স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, চেয়ারপারসনের উপদেষ্টা ডা. ওসমান ফারুক, রিয়াজ রহমান ও সাবিহউদ্দিন আহমেদ।
বৈঠক শেষে বিএনপি নেতারা জানান, চিঠির জবাবে কূটনীতিকরা গণতান্ত্রিক ব্যবস্থায় সভা-সমাবেশ নিষিদ্ধ করার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন। একইসঙ্গে তারা দ্রুত সংলাপের মাধ্যমে সঙ্কট সমাধানের উদ্যোগ নিতে আহবান জানিয়েছেন। সব দলের অংশগ্রহণ ছাড়া কোন নির্বাচন হলে তা গ্রহণযোগ্য হবে না বলেও কূটনীতিকরা মত দিয়েছেন।
