তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, বিতর্কিত উপদেষ্টাদের দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ার প্রস্তাব বাস্তবায়ন করতে গেলে ১০ জন উপদেষ্টা পাওয়া যাবে না। গতকাল বৃহস্পতিবার বিকালে রাজধানীর মিরপুরে ইনডোর স্টেডিয়ামে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। মন্ত্রী অনুষ্ঠানে আগতদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিচ্ছিলেন।
খালেদা জিয়ার নির্বাচনকালীন সরকারের প্রস্তাব প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে খোলামেলা আলোচনা হতে পারে। উনি (খালেদা জিয়া) যে প্রস্তাব দিয়েছেন তা বাস্তবায়ন সম্ভব নয়। বিরোধী দলীয় নেতার উদ্দেশ্যে হাসানুল হক ইনু বলেন, আমি আশা করি তিনি (খালেদা জিয়া) আরো যত্নবান হবেন। হাসানুল হক ইনু বলেন, খালেদা জিয়ার প্রস্তাব অনুযায়ী ২০০১ ও ১৯৯৬ সালের তত্ত্বাবধায়ক সরকারের ২০ উপদেষ্টাকে নিয়ে নির্বাচনকালীন অন্তর্বর্তী সরকার গঠন করা যাবে না। কারণ, সেই সময়ের ১৮ জন উপদেষ্টার মধ্যে ৪ জন মারা গেছেন, ২ জন উপদেষ্টা অপারগতা প্রকাশ করেছেন। বাকি ১২ জনের মধ্যে ৪ থেকে ৫ জন অসুস্থ। অনেকের বয়স ৭৪ বছরের বেশি হয়ে গেছে। তাছাড়া অনেকেই বিতর্কিত কাজে জড়িয়ে পড়েছেন। কেউ কেউ রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত। ফলে তাদের নিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।
