পঙ্কজ শরনের সঙ্গে তোফায়েল, ওসমান ফারুক ও হানিফের বৈঠক

আপডেট : ২৪ অক্টোবর ২০১৩, ২২:৩৬
আওয়ামী লীগ উপদেষ্টা মণ্ডলীর সদস্য সাবেক মন্ত্রী তোফায়েল আহমদ গতকাল বৃহস্পতিবার ভারতীয় হাইকমিশনার পঙ্কজ শরণের সঙ্গে একান্ত বৈঠক করেন। হাইকমিশনারের বাসভবনে তারা দু’জন প্রাত:রাশ বৈঠকে রাজনৈতিক পরিস্থিতি নিয়ে দীর্ঘ আলোচনা করেন বলে জানা যায়। এছাড়া বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা সাবেক মন্ত্রী ড. ওসমান ফারুক বিকালে প্রায় একঘণ্টা পঙ্কজ শরণের সঙ্গে তার বাসভবনে বৈঠক করেন। এছাড়া সন্ধ্যায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফও হাইকমিশনার পঙ্কজ শরণের বাসায় যান ও বেশ কিছু সময় অবস্থান করেন। কূটনৈতিক সূত্র জানায়, দেশের চলমান রাজনৈতিক সংকট সমাধানে বিদেশি কূটনীতিকদের তত্পরতা অব্যাহত রয়েছে। আওয়ামী লীগ ও বিএনপির সিনিয়র নেতৃবৃন্দের সঙ্গে দফায় দফায় আলোচনা ও বৈঠক চলছে কূটনীতিকদের। দুই পক্ষকে একটি অর্থবহ সংলাপে বসিয়ে সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের দিকে অগ্রসর হওয়াই এসব তত্পরতার উদ্দেশ্য। আসছেন ব্রিটিশ পররাষ্ট্র প্রতিমন্ত্রী যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তরের জ্যেষ্ঠ প্রতিমন্ত্রী ব্যারনেস সাইয়েদা ওয়ার্সি আগামী ৩ নভেম্বর বাংলাদেশে আসছেন। দেশের রাজনৈতিক চলমান পরিস্থিতিতে তার এ সফর তাত্পর্যপূর্ণ হবে বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে। ব্যারনেস ওয়ার্সি সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাত্ করবেন। ব্যারনেস ওয়ার্সি বাংলাদেশের সঙ্গে যুক্তরাজ্যের অর্থনৈতিক সম্পর্কসহ দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন। তবে তার আলোচনায় বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি বিশেষভাবে গুরুত্ব পাবে বলে কূটনৈতিক সূত্র আভাস দিয়েছে। উল্লেখ্য, এর আগে গত ফেব্রুয়ারিতে ব্যারনেস সাইয়েদা ওয়ার্সি ঢাকা সফর করেন।