বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের সমাবেশ হচ্ছে না

আপডেট : ২৪ অক্টোবর ২০১৩, ২২:৩৬
বঙ্গবন্ধু এভিনিউতে আজ শুক্রবার ঢাকা মহানগর আওয়ামী লীগের পূর্বঘোষিত সমাবেশ হচ্ছে না। গত ১০ অক্টোবর অনুষ্ঠিত দলের মহানগর শাখার বর্ধিত সভায় আজ বঙ্গবন্ধু এভিনিউস্থ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই সমাবেশের কর্মসূচি ঘোষণা করেন মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম। ১৩ অক্টোবর মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সহিদুল ইসলাম মিলন ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান, বঙ্গবন্ধু এভিনিউ এবং পল্টন ময়দানের যে কোন একটি স্থানে সমাবেশ অনুষ্ঠানের অনুমতি চেয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ, সিটি কর্পোরেশন ও জাতীয় ক্রীড়া পরিষদের কাছে পৃথক পৃথকভাবে আবেদন করেন। কিন্তু গতকাল পর্যন্ত তাদের কোন স্থানেই সমাবেশের অনুমতি দেয়া হয়নি। তবে মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া গতকাল বলেন, আমরা আজ পূর্বঘোষিত সমাবেশ করবো না। তবে নেতা-কর্মীরা মাঠে থাকবে। বিএনপি সন্ত্রাস, নৈরাজ্য ও বোমাবাজি করলে তার দাঁত ভাঙ্গা জবাব দেয়া হবে।