প্রধানমন্ত্রী নির্বাচনকালে প্রধান না থাকলে সংকট সমাধান হবে

আপডেট : ২৪ অক্টোবর ২০১৩, ২২:৩৭
বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান এডভোকেট খন্দকার মাহবুব হোসেন বলেছেন, দেশের রাজনৈতিক সংকট নিরসনের জন্য নির্দলীয় নিরপেক্ষ সরকারের কোন বিকল্প নেই। আর এই সরকারের প্রধানকে অবশ্যই নির্দলীয় হতে হবে। এই বাস্তবতাকে স্বীকার করে গণতন্ত্রকে সমুন্নত রাখার স্বার্থে প্রধানমন্ত্রী নির্বাচনকালীন সরকারের প্রধান না হলে সংকটের সমাধান হবে এবং তিনি দেশবাসীর কাছে প্রশংসিত হবেন। গতকাল বৃহস্পতিবার বার কাউন্সিল ভবনে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আয়োজিত এক প্রেস-ব্রিফিংয়ে তিনি একথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন, বার কাউন্সিলের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান ও সুপ্রিম কোর্ট বারের সভাপতি এডভোকেট এজে মোহাম্মদ আলী, এনরোলমেন্ট কমিটির সদস্য ও বারের সম্পাদক ব্যারিস্টার এম মাহবুবউদ্দিন খোকন এমপি, ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান এডভোকেট সানাউল্লাহ মিয়া, লিগ্যাল এডুকেশন ও হিউম্যান রাইটস কমিটির চেয়ারম্যান এডভোকেট গোলাম মোস্তফা, কমপ্লেইন ও ভিজিলেন্স কমিটির চেয়ারম্যান এডভোকেট কবির চৌধুরী প্রমুখ। তিনি বলেন, দেশকে সংঘাতময় অবস্থা থেকে রক্ষা করতে এবং দেশে গণতান্ত্রিক ধারাকে অব্যাহত রাখতে ক্ষমতাসীন দলকে ছাড় দিতে হবে। উভয় দলের নির্বাচনকালীন সরকারের রূপরেখাই গ্রহণযোগ্য হতে পারে যদি নির্বাচনকালীন সরকারের প্রধান কে হবেন সে বিষয়টি সমঝোতার ভিত্তিতে নির্ধারণ করা হয়।