স্পোর্টস ডেস্ক
ক্রিকেটের আঁতুরঘর হওয়ার পরও কখনো ক্রিকেটের সবচেয়ে বড় আসরের শিরোপা জিততে পারেনি ইংল্যান্ড। তবে, এবার সেই আক্ষেপ মিটে যেতে পারে বলে অনুমান অনেক ক্রিকেট বোদ্ধার। এই দলে আছেন অস্ট্রেলিয়ান কোচ জাস্টিন ল্যাঙ্গারও। শিরোপা জয়ের ক্ষেত্রে ইংল্যান্ডকেই সবচেয়ে বেশি এগিয়ে রাখছেন তিনি।
২০১৫ বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয় ইংল্যান্ড। পুল ‘এ’তে নিজেদের পঞ্চম ম্যাচে বাংলাদেশের কাছে ১৫ রানে হারে ইংলিশরা। তাতেই বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত হয়ে যায় তাদের। ঐ বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায়ের পরই পাল্টে গেছে দলটি। ইয়োইন মরগানের হাত ধরে ওয়ানডে ক্রিকেটকে শাসন করছে ইংলিশরা। বর্তমানে আইসিসি ওয়ানডে র্যাংকিং-এর শীর্ষ দল ইংল্যান্ড।
তাই সেরা দল হয়েই আসন্ন বিশ্বকাপে খেলতে নামবে ইংল্যান্ড। এরমধ্যে নিজেদের কন্ডিশনে আরও ভয়ংকর তারা। গেল কয়েক বছর ধরে সেই প্রমাণও দিয়েছে ইংলিশরা। ৩০০, ৩৫০ রান তাড়া করে ম্যাচ জয় ও প্রথমে ব্যাট করে প্রায় ৫শ রান করার দোরগোড়ায় পৌঁছেও গিয়েছিল ইংল্যান্ড। গেল বছরের জুনে নটিংহামে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫০ ওভারে ৬ উইকেটে ৪৮১ রানের বিশাল সংগ্রহ পেয়েছিল ইংল্যান্ড।
এছাড়া পাকিস্তানের বিপক্ষে চলমান পাঁচ ম্যাচ সিরিজেও দুরন্তপনা দেখাচ্ছে ইংল্যান্ড। ৩০০-৩৫০ রান করে ম্যাচ জিতে সিরিজ জয় নিশ্চিত করে রেখেছে তারা। তাই এসব চিত্রপটে চোখ বুলিয়ে আসন্ন বিশ্বকাপে শিরোপা জয়ের পথে সবচেয়ে বেশি ইংল্যান্ডকেই এগিয়ে রাখছেন ল্যাঙ্গার। তিনি বলেন, ‘ইংল্যান্ড দল হিসেবে দুর্দান্ত ক্রিকেট খেলছে, তাই নয়-কি? সত্যিকার অর্থেই এই বিশ্বকাপের হট ফেভারিট ইংল্যান্ড। কারণ নিজেদের ঘরের মাঠে বিশ্বকাপ খেলবে তারা। সেই সঙ্গে যোগ্য দল হিসেবেই র্যাংকিংয়ের শীর্ষে রয়েছে তারা।’
বিশ্বকাপ শুরু হবে আগামী ৩০ মে। লন্ডন ওভালে প্রথম দিনই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের বিশ্বকাপ মিশন শুরু করবে ইংল্যান্ড। সর্বশেষ ১৯৯৯ সালের বিশ্বকাপেরও আয়োজক ছিল ইংল্যান্ড। এই টুর্নামেন্টে নিজেদের বিশ্বকাপের ট্রফি জিততে না পারার আক্ষেপ মুছে ফেলতে চায় ইয়ন মরগ্যানের দল। অন্যদিকে, আগামী ১ জুন ব্রিস্টলে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে অস্ট্রেলিয়া। এবারের বিশ্বকাপে লিগ পর্বে দলটি একে অপরের বিপক্ষে খেলবে। তাই ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার লড়াই দেখবে ক্রিকেট বিশ্ব। ফলে ইংলিশদের বিপক্ষে খেলার জন্য অস্ট্রেলিয়া মুখিয়ে আছে বলে মনে করেন ল্যাঙ্গার। তিনি বলেন, ‘আমরা তাদের বিপক্ষে খেলতে মুখিয়ে আছি। প্রতিনিয়ত আমাদের মধ্যে প্রতিযোগিতা চলে আসছে। এটাই এখন দেখার বিষয় বিশ্বের সেরা দলের বিপক্ষে আমরা কেমন খেলতে পারি।’ মূল লড়াইয়ে নামার আগে ইংল্যান্ড ও শ্রীলঙ্কার বিপক্ষে প্রস্তুতিমূলক ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া। প্রস্তুতিমূলক হলেও ইংলিশদের বিপক্ষে ম্যাচটিকে গুরুত্ব দিচ্ছেন ল্যাঙ্গার। লিগ পর্বে ইংল্যান্ড ও ভারতের বিপক্ষে ম্যাচটি দু’টি অনেক বেশি কঠিন হবে বলে মনে করেন তিনি, ‘ইংল্যান্ড ও ভারতের বিপক্ষে ম্যাচ দু’টি অনেক বেশি কঠিন হবে। তাদের জন্য আমাদের অনেক বেশি পরিকল্পনা ও প্রস্তুত থাকতে হবে। তবে আমরা যদি আমাদের সেরাটা দিতে পারি, তবে সাফল্য আসবেই। সম্প্রতি ভারত ও পাকিস্তানের বিপক্ষে নিজেদের সামর্থ্যের প্রমাণ আমরা দিয়েছি।’ - বাসস
