যুক্তরাষ্ট্রে খেলনা পিস্তল হাতে দেখে পুলিশের গুলি, কিশোর নিহত

আপডেট : ২৪ অক্টোবর ২০১৩, ২২:৩৮
খেলনা পিস্তল হাতে দেখে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার পুলিশ সন্ত্রাসী মনে করে গুলি করে হত্যা করেছে এক কিশোরকে। হতভাগ্য ওই কিশোরের বয়স ১৩ বছর। তার সঙ্গে একটি খেলনা পিস্তল ছিল। অ্যাণ্ডি লোপেজ নামের ওই কিশোর খেলনাটি নিয়ে একটি রাস্তা দিয়ে হেঁটে যাবার সময় তাকে গুলি করা হয়। খেলনা বন্দুকটিকে তারা সত্যিকারের আগ্নেয়াস্ত্র বলে মনে করেছিল। অ্যাণ্ডি তার স্কুলের অন্যান্য শিক্ষার্থীদের মাঝে জনপ্রিয় ছিল বলে গণমাধ্যমগুলো জানিয়েছে। শেরিফের কার্যালয় থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘শেরিফের নিরাপত্তারক্ষীরা অ্যাণ্ডিকে অস্ত্রটি ফেলে দিতে বলে। কিন্তু সে তা না করায় এক পর্যায়ে তাকে লক্ষ্য করে কয়েক রাউণ্ড গুলি ছোঁড়া হয়।’ বিবৃতিতে আরো বলা হয়, ‘নিরাপত্তা কর্মীরা জানতে পারে যে অ্যাণ্ডির সঙ্গে থাকা বন্দুকটি সত্যিকার আগ্নেয়াস্ত্রের প্রতিরূপ।’ এই মর্মান্তিক ঘটনায় সান্তা রোজের স্থানীয় বাসিন্দাদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। -এএফপি