স্ট্যান্ডবাই ব্রাভো-পোলার্ড!

আপডেট : ১৯ মে ২০১৯, ২১:৫৪

স্পোর্টস ডেস্ক

বিশ্বকাপের আগে ১০ জনের স্ট্যান্ডবাই তালিকা প্রকাশ করেছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউআই)। আগেই বোঝা যাচ্ছিল, এই তালিকায় থাকবেন কাইরেন পোলার্ড। তবে, বিস্ময়কর ব্যাপার হল, এই দলে আছেন ডোয়াইন ব্রাভোও।

ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে মনযোগ দেওয়া ব্রাভো গত বছরের অক্টোবরে আনুষ্ঠানিকভাবে বিদায় জানিয়েছেন আন্তর্জাতিক ক্রিকেটকে। ২০১৬ সালের সেপ্টেম্বরের পর থেকে খেলেননি আন্তর্জাতিক ক্রিকেটে। ২০১৪ সালের পর আর খেলেননি ওয়ানডে ক্রিকেটে।

পোলার্ডও জাতীয় দলে অনিয়মিত।  সবশেষ ওয়ানডে ম্যাচ খেলেছেন সেই ২০১৬ সালে। এছাড়া আয়ারল্যান্ডে সদ্য সমাপ্ত ত্রিদেশীয় সিরিজে ভালো করায় সুনিল অ্যামব্রিস ও রেয়মন রেইফারও সুযোগ পেয়েছেন এ স্কোয়াডে। মূল ওপেনার এভিন লুইস ইনজুরিতে আছেন। তাই, অ্যামব্রিসকে বিবেচনায় রাখা হচ্ছে।

গতকাল থেকে সাউদাম্পটনে ওয়েস্ট ইন্ডিজের চার দিনের ক্যাম্প শুরু হয়েছে। সেখানে আয়ারল্যান্ডের ত্রিদেশীয় সিরিজের দলে থাকা অ্যামব্রিস ও রেইফার আছেন। আর বাকি ১৫ জনই বিশ্বকাপের দলে আগে থেকে ছিলেন। আগামী ২২ মে তারা একটি প্রস্তুতি ম্যাচ খেলবে অস্ট্রেলিয়ার বিপক্ষে। ২৩ মে পর্যন্ত বিশ্বকাপ দলে আইসিসির কোনো অনুমতি ছাড়াই পরিবর্তন আনা যাবে।

বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের

স্ট্যান্ডবাই স্কোয়াড

সুনিল অ্যামব্রিস, ডোয়াইন ব্রাভো, জন ক্যাম্পবেল, জোনাথন কার্টার, রস্টোন চেজ, শেন ডওরিচ, কেমো পল, খ্যারি পিয়েরে, রেয়মন রেইফার এবং কাইরেন পোলার্ড।