গল্প নয় সত্যি

চালককে খবর শোনাবে অ্যাপ্লিকেশন

আপডেট : ২৫ অক্টোবর ২০১৩, ১৯:২৮
নিজের গাড়ি যাদের নিজেকেই চালাতে হয় গাড়িতে বসে আরামে সংবাদপত্র পড়বার সুযোগ তারা কখনোই পান না। এমনকি যাদেরকে গাড়ি নিয়ে দীর্ঘক্ষণ জ্যামের মাঝে বসে থাকতে হয় তাদেরও গাড়ি চালাতে চালাতে সংবাদপত্র পড়ার সুযোগ হয় না। আবার ব্যস্ত রাস্তায় গাড়ি চালানোর সময় কোনো ইমেইল বা ম্যাসেজের সতর্কীকরণ সংকেত বেজে উঠলেও অনেক সময় অসস্তিতে ভুগতে থাকেন চালকরা। মূলত চালকদের এই অস্থিরতা এবং গাড়ি চালানোর সময় সংবাদ বা বার্তা শোনার প্রয়োজনীয়তার কথা মাথায় রেখেই এবার চমকপ্রদ এক অ্যাপ্লিকেশন তৈরি করেছে সফটওয়্যার ও অ্যাপ্লিকেশন নির্মাতা নুয়ানস। প্রাথমিক অবস্থায় শুধুমাত্র মার্সিডিজের মতো গাড়ির জন্য এই অ্যাপ্লিকেশনটি তৈরি করা হলেও পর্যায়ক্রমে অন্যান্য গাড়িতেও এটি সংযুক্ত করার সুবিধা চালু করবে বলে জানিয়েছে নুয়ানস। নুয়ানস জানিয়েছে তাদের এই অ্যাপ্লিকেশনটির সাহায্যে চালক গাড়ি চালাতে চালাতে খুব সহজেই তার প্রয়োজনীয় খবরটি শুনে নিতে পারবেন। সেই সাথে শোনা যাবে প্রয়োজনীয় ম্যাসেজ বা ইমেইল বার্তাও। তবে এগুলো শুনতে যেয়ে চালকের মনোসংযোগে যেন বিঘ্ন না ঘটে সেজন্য পুরো অ্যাপ্লিকেশনটিকেই ভয়েস কমান্ডের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। কাজেই কোনো ধরনের বোতাম না চেপে বা টাচস্ক্রিন স্পর্শ না করে শুধুমাত্র মুখের নির্দেশেই নানা প্রয়োজনীয় বিষয় শোনার মতো কাজটি সারতে পারবেন চালক। তাছাড়া এই অ্যাপ্লিকেশনটির মাধ্যমে অন্যদের সুবিধামতো বলে যাওয়া সংবাদ নয় বরং চালক তার পছন্দমাফিক সংবাদগুলোই শুনতে পারবেন। অর্থাত্ চালক কি আন্তর্জাতিক সংবাদ শুনতে চাইছেন না কি খেলা বা রাজনীতির সংবাদ শুনতে চাইছেন সেটি ঠিক করে দেওয়া এবং প্রয়োজনে সংবাদ শোনানো থামিয়ে দেওয়ার কাজটিও করা যাবে মুখের নির্দেশে। সবমিলিয়ে একা একা গাড়ি চালানো চালকদের জন্য আগামীতে যুত্সই সঙ্গত দিতেই প্রস্তুত নুয়ান অ্যাপস।