স্প্যানিশ লিগের পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা বার্সেলোনাকে ছোঁয়ার লক্ষ্য নিয়ে আজ নু ক্যাম্পে মৌসুমের প্রথম এল ক্লাসিকোয় অংশ নেবে রিয়াল মাদ্রিদ। বরাবরের মতোই লড়াইয়ের কেন্দ্রবিন্দুতে আছেন দল দুটির জিয়নকাঠি লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদো। তবে ঐতিহ্যবাহী এই লড়াইয়ে এবার নতুন মাত্রা যোগ করেছেন বিশ্বের সবচাইতে দামি ফুটবলার গ্যারেথ বেল এবং বিশ্ব ফুটবলের ‘সেনসেশন’ নেইমার।
চলতি গ্রীষ্মেই প্রথমবারের মতো ইউরোপে খেলতে আসা এই ব্রাজিলীয় সুপারস্টার সন্দেহাতীতভাবেই চাইবেন নিজের প্রথম এল ক্লাসিকোতে দারুণ কিছু করতে। মূল্য বিচারে বেলের জন্য প্রথম এল ক্লাসিকোটি বিরাট চ্যালেঞ্জ। এদিকে এই ম্যাচের মধ্য দিয়েই চিরায়ত এই স্প্যানিশ লড়াইয়ে যোগ দিতে যাচ্ছেন দুই কোচ কার্লো অ্যানচেলোত্তি এবং জেরার্ডো মার্টিনো।
ইউরোপের দলবদলের বাজারে এই গ্রীষ্মে সবচেয়ে আলোচিত দুটি দলবদলের জন্ম দিয়েছিল স্পেনের শীর্ষ দুই ক্লাবই। ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়ালের মত দলকে পেছনে ফেলে এই মুহূর্তে ব্রাজিলের সবচেয়ে বড় সুপারস্টার নেইমারকে সান্তোস থেকে প্রায় পাঁচ কোটি পাউন্ডের বিনিময়ে দলে টানে বার্সেলোনা। কাতালানদের হয়ে মাঠে নেমে অচিরেই দলে নিজের প্রতিভার প্রমাণও দেন এই ২১ বছর বয়সী। তবে মেসির সাথে যে ভয়ঙ্কর আক্রমণভাগ গড়ে তোলার লক্ষ্য নিয়ে তাকে আনা হয়েছিল সেটা এখনো দেখা হয়নি বার্সা সমর্থকদের। মেসির অবর্তমানে সেল্টিক এবং রিয়াল ভ্যালাডোলিডের বিরুদ্ধে ম্যাচগুলোতেই বরং নিজেকে ভালোভাবে মেলে ধরতে পেরেছেন তিনি। ফলে বার্সা কিংবদন্তী ইয়োহান ক্রইফের সেই ‘এক জাহাজে দুই ক্যাপ্টেন’ তত্ত্ব সত্যি হবার আশঙ্কা করছেন অনেকেই।
এটা বুঝতে পারছেন নেইমারও। মেসির উপস্থিতিতে এল ক্লাসিকোতেই তাই নিজের সামর্থ্যের প্রমাণ দিতে মরিয়া এই তারকা, ‘কোন সন্দেহ নেই ক্লাসিকোই হচ্ছে কোন খেলোয়াড়ের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। এটা এমন একটা ম্যাচ যেখানে মাঠে নামতে সবাই মুখিয়ে থাকে। সবাই চাইবে তার সেরা খেলাটা উপহার দিতে। নিজের ক্লাসিকো ডেব্যুতে আমারও লক্ষ্য থাকবে দারুণ কিছু করা। পাশাপাশি দলের জয়তো চাইবোই।’
নিজেদের প্রথম নয় ম্যাচে মাত্র দুই পয়েন্ট হারানো লা লিগা চ্যাম্পিয়নরা এই ম্যাচেও আলাদা কোন চাপে থাকবে না বলেই বিশ্বাস নেইমারের, ‘আমার মনে হয় এই ম্যাচের আগে খেলোয়াড়দের অনুভূতি খুব একটা ভিন্ন হবে না। আমি জানি আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাচের বিষয়ে কথা বলছি। তবে মাঠে নামার আগে আমার অনুভূতিটা অন্য আর দশটা ম্যাচের আগে যেমনটা হয় তেমনই।’
নেইমার চাপে না থাকলেও ফিটনেস সমস্যা আর ফর্ম অনেকটাই চাপে রেখেছে গ্রীষ্মের ট্রান্সফার বাজারের সবচেয়ে আলোচিত ফুটবলার বেলকে। হাজার কোটি টাকা ব্যয়ে এই ওয়েলসম্যানকে হোয়াইট হার্ট লেন থেকে দলে টানা ব্লাঙ্কোসরা এখন পর্যন্ত তার কাছ থেকে ফেরত পায়নি প্রায় কিছুই। অভিষেকেই গোলের দেখা পাওয়ার পর বিশ্বের সবচেয়ে দামি ফুটবলারটি সাদা জার্সি গায়ে এখন পর্যন্ত মাঠে ছিলেন মাত্র ১৬৯ মিনিট। তবে চোট সমস্যা কাটিয়ে অনেকটাই ফিট হয়ে ওঠা বেলকে আজ তার সেরা রূপেই দেখার আশা করছেন মাদ্রিদ কোচ অ্যানচেলোত্তি। জুভেন্তাসের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে শেষ ২০ মিনিট মাঠে থাকা এই তারকা আজ হয়তো থাকছেন শুরুর একাদশেই। কোচের কথায় পাওয়া গেল তেমনই আভাস, ‘তাকে সময় দেয়াটা গুরুত্বপূর্ণ ছিল। তার ফিটনেস এখন আশানুরূপ। আমার বিশ্বাস ম্যাচ খেলার জন্য সে পুরোপুরিই ফিট।’
বেলকে মাঠে পুরোপুরিই স্বাধীনভাবে খেলতে দেয়া হবে বলেও জানালেন এই ইতালিয়ান, ‘আমি জানি সে ডানদিকে খেলতে ভালবাসে। সে যখন মাঠে থাকবে তখন সে সেখানেই খেলবে।’
এদিকে ইনজুরি কাটিয়ে ফিরেছেন গত কয়েক মাসে রিয়ালের গোলবার সামলানো ডিয়াগো লোপেজও। তাই আজকের ম্যাচে ইকার ক্যাসিয়াসের জায়গায় তাকে দেখা গেলে অবাক হবার কিছু নেই। তবে রিয়ালের মিডফিল্ডে প্রধান দায়িত্ব পালন করা জাভি আলোনসো হয়তো ফিরতে পারছেন না আজও। যদিও ইনজুরি কাটিয়ে অনেকটাই সুুস্থ হয়ে উঠেছেন তিনি।
সামান্য চোট সমস্যা আছে স্বাগতিক শিবিরেও। কিছুটা শঙ্কা আছে জেরার্ড পিকের মাঠে নামার বিষয়ে। তবে দীর্ঘ সাত মাসের চোট কাটিয়ে পুরোপুরিই ফিট নিয়মিত অধিনায়ক কার্লোস পুয়োল। ঝাঁকড়া চুলের এই ডিফেন্ডার সতীর্থদের সঙ্গে নিয়মিত অনুশীলনও করছেন। ক্লাসিকোতে দারুণ কিছু করতে মোটেই তর সইছে না জানিয়ে এই ৩৫ বছর বয়সী বলেন, ‘কোন সন্দেহ নেই কঠিন সাতটি মাস আমাকে পার করতে হয়েছে। তবে আমি এখন পুরোপুরিই সুস্থ। তাছাড়া দল হিসেবেও আমরা দারুণ ছন্দে আছি। এই ম্যাচটা (আজকের ম্যাচ) হয়তো শিরোপা নির্ধারণ করবে না। কারণ শিরোপা অনেক দূরের পথ। তবে নিজের সেরাটা বের করে আনতে এবং আত্মবিশ্বাস অর্জনের জন্য এটা দারুণ একটা সুযোগ।’
