শেখ হাসিনার নেতৃত্বেই আগামী নির্বাচন

আপডেট : ২৫ অক্টোবর ২০১৩, ২২:২৬
চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে মহানগর আওয়ামী লীগ আয়োজিত বিশাল সমাবেশে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি বলেছেন, ‘আমরা আলোচনার পথ বন্ধ করি নাই। সংবিধান অনুযায়ী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের অধীনে আগামী নির্বাচন অবশ্যই অনুষ্ঠিত হবে।’ তিনি বলেন, ২০০১ সালের পর বিএনপি এদেশে জঙ্গিবাদ সৃষ্টি করেছিল। গ্রেনেড হামলা করেছে তারাই। বাংলাদেশের মানুষ এদেশে আর পাকিস্তানী স্টাইলে মৌলবাদী তাণ্ডব দেখতে চায় না। সমাবেশে সভাপতির বক্তব্যে মহানগর আওয়ামী লীগের সভাপতি সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী বলেছেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে নির্বাচন চাই এই বক্তব্যের পক্ষে আজ শনিবার বিকাল ৪টা থেকে স্বাক্ষর সংগ্রহ অভিযান শুরু হবে। তিনি বলেন, সন্ত্রাস করে রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করা যায় না। কেউ যদি জাতীয় সম্পদ বন্দর বন্ধের চেষ্টা করে তাহলে তারা টিকে থাকতে পারবে না। বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলের সম্পর্কে বলেন, ওরা নির্বাচনে ঠিকই যাবে। এখন শুধু ছলচাতুরি করছে। সংবিধান অনুসারে শেখ হাসিনার নেতৃত্বে নির্বাচন অনুষ্ঠানেই সমস্যার সমাধান। সমাবেশে আরো বক্তব্য রাখেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোসলেম উদ্দিন আহমেদ, মহানগর আওয়ামী লীগ নেতা আ.জ.ম নাসির উদ্দিন, চট্টগ্রাম জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি আবু হানিফ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক নেতা গাজী সালাহউদ্দিন, ওয়ার্ড কাউন্সিলর জহিরুল আলম দোভাষ, বখতিয়ার উদ্দিন খান, নগর যুবলীগ আহবায়ক মহিউদ্দিন বাচ্চু। উপস্থিত ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ইসহাক মিয়া, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, নগর আওয়ামী লীগ নেতা বেলায়েত হোসেন প্রমুখ।