জেলা শহর মাইজদীতে ১৮ দল, আওয়ামী লীগের উছৃঙ্খল কর্মী ও পুলিশের ত্রিমুখী ঘন্টাব্যাপী সংঘর্ষে জেলা শহর মাইজদী রণক্ষেত্রে পরিণত হয়। এ সময় ১৮ দলের কর্মীরা জেলা আওয়ামী লীগ অফিসসহ ৮টি দোকানে অগ্নিসংযোগ করে। প্রায় তিন ঘন্টা চেষ্টার পর দমকল বাহিনীর সদস্যরা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষ চলাকালে এসপি আনিসুর রহমান, সদর এসপি নিষ্কৃতি চাকমাসহ ২০ পুলিশ সদস্য এবং কমপক্ষে উভয় দলের অর্ধশতাধিক আহত হয়েছেন। এদের মধ্যে কয়েকজন গুলিবিদ্ধ রয়েছেন। আহতদের মধ্যে ১০ জনকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। তাদের মধ্যে এক জন এসআইসহ ৩ পুলিশ সদস্যের অবস্থা আশংকাজনক। আহতদের মধ্যে জামায়াত শিবিরের নেতাকর্মী রয়েছে। এ সময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে টিআরসেল, রাবার বুলেট ও রাইফেলের ৫ শতাধিক রাউন্ড গুলি ছুঁড়ে। গতকাল শুক্রবার বিকাল সোয়া ৪টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ হাসপাতালে গুলিবিদ্ধ অবস্থায় চিকিত্সাধীন জামায়াত শিবিরের চার কর্মীসহ ১৪ জনকে আটক করেছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় এমপি একরামুল করিম চৌধুরীর নেতৃত্বে বিকাল ৩টার দিকে বিভিন্ন স্থান থেকে দলীয় কয়েকশ নেতাকর্মী খণ্ড খণ্ড মিছিল করে জেলা আওয়ামী লীগ অফিসে জড়ো হয়। পরে এমপির নির্দেশে আওয়ামী লীগ অফিস থেকে নেতাকর্মীরা শহীদ মিনার চত্বরে সমবেত হয়। কিন্তু বেশ কিছু সংখ্যক আওয়ামী লীগ কর্মী আওয়ামী লীগ কার্যালয়ের সামনের সড়কে জড়ো হয়। বিকাল সোয়া ৪টার দিকে বিএনপি-জামায়াত-শিবিরসহ ১৮ দলের কয়েক হাজার নেতাকর্মী বিভিন্ন এলাকা থেকে বিক্ষোভ মিছিল সহকারে এসে মফিজ প্লাজা ও পৌর বাজার এলাকায় জড়ো হয়। সেখান থেকে ১৮ দলের নেতাকর্মীরা বিক্ষোভ নিয়ে জামে মসজিদ থেকে সামনে অগ্রসর হলে ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় সংঘর্ষকারীদের মধ্যে ইট-পাটকেল, ককটেল নিক্ষেপ শুরু হয়। এক পর্যায়ে ১৮ দলের বিক্ষুব্ধ কর্মীরা জেলা আওয়ামী লীগ অফিসে ঢুকে আসবাবপত্র ভাংচুর করে রাস্তায় এনে আগুন ধরিয়ে দেয়। পরে তারা আওয়ামী লীগ কার্যালয়ে আগুন লাগিয়ে দিলে পার্শ্ববর্তী দোকানগুলো পুড়ে যায়। ১৮ দলের বিক্ষুব্ধ কর্মীরা একটি মোটর সাইকেলে আগুন ও একটি বাস ভাংচুর করে। পুলিশ কয়েক দফা টিয়ার সেল ও গুলি চালিয়েও পরিস্থিতি নিয়ন্ত্রেণে ব্যর্থ হয়। এক দিকে পুলিশ ও আওয়ামী লীগ কর্মীরা অন্যদিকে ১৮ দলের নেতাকর্মীরা অবস্থান নেয়। পরে অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।
