মনমোহনের কোন মোবাইল ফোন নেই

আপডেট : ২৫ অক্টোবর ২০১৩, ২২:৩১
গরীব মানুষের টাকার অভাব থাকে। তাদের কাছে মোবাইল ফোন বিলাসিতা মনে হতে পারে। কিংবা কেনার সামর্থ্য নাও থাকতে পারে। কিন্তু যদি বলা হয়, ভারতের মতো দেশের প্রধানমন্ত্রীর কোন মোবাইল ফোন নেই তাহলে অবিশ্বাস্য মনে হওয়া স্বাভাবিক। অবিশ্বাস্য মনে হলেও ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের বেলাই সেটাই সত্য। কেবল মোবাইল ফোন নয়, মনমোহন সিং ইন্টারনেটও ব্যবহার করেন না। তার ব্যক্তিগত কোন ই-মেইল অ্যাড্রেস নেই। সম্প্রতি বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের ফোনে যুক্তরাষ্ট্র আঁড়ি পেতেছে বলে যে খবর বেরিয়েছে সে ব্যাপারে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছে সংশ্লিষ্ট দেশগুলির সরকার। কিন্তু ভারতের প্রধানমন্ত্রীর অফিস সূত্র ব্রিটেনের গার্ডিয়ান পত্রিকাকে জানিয়েছে, মনমোহন সিং মোবাইল ফোন ব্যবহার করেন না। তাই তার ফোনে আঁঁড়ি পাতাও যুক্তরাষ্ট্রের পক্ষে সম্ভব হবে না। তিনি ই-মেইল ব্যবহার করেন না। তাই তা হ্যাকিং করাও কারো পক্ষে সম্ভব হবে না। তবে মনমোহন কেন এগুলো ব্যবহার করেন না সে ব্যাপারে প্রধানমন্ত্রীর অফিস স্পষ্ট করে কিছু জানায়নি।