রাজনৈতিক দলে একটানা তিন বছর সদস্য পদ না থাকলে কোন ব্যক্তি জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমন বিধান বাতিল করার উদ্যোগ নেয়া হয়েছে। গণপ্রতিনিধিত্ব আদেশ বা আরপিও-এর ১২/জে ধারাটি বাতিল হচ্ছে। আগামী ৭ নভেম্বরের মধ্যে সংসদের চলতি অধিবেশন এ সংক্রান্ত বিল পাস করা হবে।
গত বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে অ্যাডভোকেট মো. ফজলে রাব্বী মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। গত ৩০ সেপ্টেম্বর সংসদে আরপিও সংশোধন করার জন্য বিল উত্থাপন করা হয়েছিলো। পরে এটি অধিকতর পরীক্ষা-নিরীক্ষা করে সংসদে রিপোর্ট প্রদানের জন্য সংসদীয় স্থায়ী কমিটিতে প্রেরণ করা হয়।
কমিটির বৈঠকশেষে সাংবাদিকদের সাথে আলাপকালে সভাপতি মো. ফজলে রাব্বী মিয়া বলেন, কমিটি আরপিও-এর ১২/জে ধারাটি বাতিল করার রিপোর্ট চূড়ান্ত করেছে। বিলের চূড়ান্ত রিপোর্ট শীঘ্রই লেখার পর সংসদে পেশ করা হবে। আর চলতি অধিবেশনেই এ সংক্রান্ত বিল পাস করা হবে। আরপিও থেকে ১২/জে ধারাটি বাতিল করা হলে দল বদল করা সহজতর হবে। তাছাড়া নিবন্ধিত রাজনৈতিক দলে যোগদান করে যে কোন ব্যক্তি সে দলের হয়ে নির্বাচনে প্রার্থী হতে পারবেন।
আরপিও ১২/জে ধারায় রয়েছে, মনোনয়নপত্র জমা দেয়ার দিন থেকে পূর্ববর্তী তিন বছরে নিবন্ধিত রাজনৈতিক দলে নিরবচ্ছিন্ন সদস্যপদ না থাকলে কোন ব্যক্তি প্রার্থী হওয়ার যোগ্য হবেন না। তবে নতুন নিবন্ধিত রাজনৈতিক দলের প্রার্থীদের জন্য এ ধারাটি প্রযোজ্য হবে না। ধারাটি বাতিল হলে রাজনৈতিক দলে নিরবচ্ছিন্ন তিন বছর সদস্যপদ থাকার কোন প্রয়োজন হবে না। দল বদল করে যে কেউ নির্বাচনে প্রার্থী হতে পারবেন।
