মহাসমাবেশ জনসমুদ্র

আপডেট : ২৫ অক্টোবর ২০১৩, ২২:৩২
সকাল থেকেই ছিল টিপ টিপ বৃষ্টি। রাজধানীর সড়কগুলো ছিল অন্যদিনের তুলনায় ফাঁকা। সোহরাওয়ার্দী উদ্যানের ভেতর চলছিল মঞ্চের নির্মাণ কাজ। সকাল ৯টা থেকে আসতে থাকে মিছিল। মত্স্য ভবন, শাহবাগ, দোয়েল চত্বর হয়ে মিছিল যেতে থাকে সোহরাওয়ার্দী উদ্যানের দিকে। দুপুরের আগেই জমায়েত ছড়িয়ে পড়ে শাহবাগ থেকে শুরু করে কাকরাইল মসজিদ, ‘মত্স ভবন’ হয়ে প্রেসক্লাব কদম ফোয়ারা। বিশেষ করে জুমার নামাজের পর অপরাহ্নে সোহরাওয়ার্দী উদ্যানের বিরাট গণ্ডি ছাড়িয়ে আশপাশের কয়েক বর্গকিলোমিটার এলাকায় বিস্তৃতি ঘটে। এসব এলাকায় শুধু শ্লোগান আর শ্লোগান। রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে আসে বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও জামায়াত-শিবিরের কর্মী-সমর্থকরা। সকাল থেকে ছাত্রশিবিরের নেতা-কর্মীরা দলে দলে এসে সমাবেশ মঞ্চের সামনে, ডানে-বাঁয়ে দখল নেন। তারপর মত্স্য ভবন থেকে শাহবাগ পর্যন্ত সড়ক অবরোধ করে বিক্ষোভ করে ছাত্রশিবির। সমাবেশের প্রবেশমুখে শাহবাগের মোহনায়, কাকরাইল মোড়ে, হাইকোর্টের সামনে এবং বিশ্ববিদ্যালয় এলাকায় ছিল আইন-শৃঙ্খলা বাহিনীর শক্ত নিরাপত্তা বলয়। সোহরাওয়ার্দী উদ্যানের ভেতরে মঞ্চের আশপাশেও কয়েক স্তরের নিরাপত্তা বেষ্টনি গড়ে তোলে আইন-শৃঙ্খলা বাহিনী। তবে বেগম খালেদা জিয়া আসার পর সেই নিরাপত্তা বলয় শিথিল হয়ে যায়। রাজধানীর বিভিন্ন সড়কে যান চলাচল বন্ধ সমাবেশকে কেন্দ করে রাজধানীর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সড়কে দুপুর থেকে পুলিশ যান চলাচল বন্ধ করে দেয়। যান চলাচল বন্ধ সড়কগুলো হলো মত্স্য ভবন, পল্টন, প্রেসক্লাব, শাহবাগ এবং কাকরাইল সড়ক। সামনে বসা নিয়ে ছাত্রদল-শিবির হাতাহাতি সমাবেশ মঞ্চের সামনে বসা নিয়ে হাতাহাতিতে লিপ্ত হয় ছাত্রদলের ডেমরা শাখা কর্মী ও ইসলামী ছাত্রশিবিরের কর্মীরা। বেলা সোয়া ১টার দিকে ডেমরা ছাত্রদলের ব্যানার নিয়ে একদল নেতাকর্মী সমাবেশস্থলে পৌঁছে মঞ্চের সামনে বসতে চাইলে শিবিরের কর্মীরা অবস্থান ছাড়তে রাজি না হওয়ায় দুইপক্ষের মধ্যে বাক-বিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে তা ধাক্কাধাক্কি ও হাতাহাতিতে গড়ায়। এ সময় শিবিরের এক কর্মীকে বিএনপির ব্যানার কেড়ে নেয়ার চেষ্টা করতেও দেখা যায়। এরপর শিবিরের সিনিয়র নেতারা এসে তাদের কর্মীদের সরিয়ে নিলে দুই পক্ষের মধ্যে মিটমাট হয়ে যায়। রাজধানীর গাবতলীতে পুলিশ ও আওয়ামী লীগের বাধা উপেক্ষা করে ১৮ দলীয় জোটের মহাসমাবেশে যোগ দিতে সাভার ও মানিকগঞ্জ থেকে আসেন নেতা-কর্মীরা। পরিবহন সঙ্কটে হেঁটেই সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশে যোগ দেন। ভোর থেকেই রাজধানীর গাবতলী, মিরপুর, টেকনিক্যাল মোড় ও কল্যাণপুর এলাকায় বিপুল সংখ্যাক পুলিশ ও র্যাব মোতোয়েন করা হয়। এ সময় আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরাও মহড়া দেয়।