প্রধানমন্ত্রীর আর খালেদা জিয়াকে ফোন করা উচিত হবে না

আপডেট : ২৫ অক্টোবর ২০১৩, ২২:৩৩
আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ এমপি বলেছেন, খালেদা জিয়ার এ আল্টিমেটামের পর আমি মনে করি প্রধানমন্ত্রীর আর তাকে ফোন করা উচিত হবে না। গতকাল একটি বেসরকারি টিভি চ্যানেলকে দেয়া একান্ত সাক্ষাত্কারে তোফায়েল আহমেদ এ কথাগুলো বলেন। তিনি বলেন, তথ্যমন্ত্রী দেশের মানুষকে জানিয়েছিলেন, যে কোন মুহূর্তে প্রধানমন্ত্রী বিরোধী দলীয় নেত্রীকে ফোন করবেন। কিন্তু তাকে সময় না দিয়ে বিরোধী দলীয় নেত্রী যেভাবে আল্টিমেটাম দিয়েছেন তারপর আর তাকে ফোন করা যায় না। আওয়ামী লীগ সংসদে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ রাজনৈতিক দল। খালেদা জিয়ার কথায় অসাংবিধানিক দাবি আওয়ামী লীগ মানতে পারে না। খালেদা আলোচনার পথ বন্ধ করে দিয়েছেন : মেনন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এমপি বলেছেন, বিরোধী দলীয় নেত্রী আল্টিমেটাম দিয়ে আলোচনার পথ বন্ধ করে দিয়েছেন। গতকাল সাংবাদিকদের কাছে দেয়া এক প্রতিক্রিয়ায় তিনি একথা বলেন। মেনন বলেন, ১৪ দল বৈঠক করে বিরোধী দলের সাথে আলোচনার সিদ্ধান্ত নিয়েছিলো। কিন্তু খালেদা জিয়া আল্টিমেটাম দিয়ে সে প্রক্রিয়াকে নস্যাত্ করে দিয়েছেন।