মুফতি হারুনকে ঢাকায় স্থানান্তর

আপডেট : ২৫ অক্টোবর ২০১৩, ২২:৩৪
চট্টগ্রামের একটি মাদ্রাসায় বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার হেফাজতে ইসলামের সাহিত্য ও প্রশিক্ষণ সম্পাদক মুফতি হারুন বিন ইজহারকে গতকাল শুক্রবার ঢাকায় নেওয়া হয়েছে। গত ৫ মে ঢাকার শাপলা চত্বরে নৈরাজ্যের ঘটনায় পল্টন থানায় দায়ের হওয়া তিন মামলা এবং মতিঝিল থানায় দায়ের হওয়া দুই মামলাসহ মোট পাঁচটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। আগামী সোমবার তাকে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড চাওয়া হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানায়। গত ৭ অক্টোবর নগরীর লালখান বাজার এলাকায় জামেয়াতুল উলুম আল ইসলামিয়া মাদ্রাসার ছাত্রাবাসের একটি কক্ষে বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় গুরুতর আহত তিনজন হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মারা যান। খুলশী থানা সূত্রে জানা যায়, বিস্ফোরক আইনে দায়ের করা মামলায় মুফতি হারুনের ৫ দিনের রিমান্ড শেষ হয়েছে। তবে তিনি মাদ্রাসায় বিস্ফোরণ সম্পর্কে মুখ খুলছেন না। এসিড নিয়ন্ত্রণ আইনে দায়ের করা অপর মামলায় তাকে কয়েক দিন পর রিমান্ডে নেয়া হবে।