জেলা সদর থানায় গতকাল শুক্রবার ফের ককটেল হামলা চালিয়েছে অজ্ঞাত দুর্বৃত্তরা। সন্ধ্যায় পর পর তিনটি শক্তিশালী ককটেল থানা অভ্যন্তরে বিস্ফোরিত হয়। বগুড়ায় ১৮ দলীয় জোটের জনসভা শেষ হওয়ার কিছুক্ষণের মধ্যে বিকট শব্দে ককটেলগুলো বিস্ফোরিত হয়। মুহূর্তের মধ্যে পুলিশ ও পথচারীদের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে।
এর আগে গত মঙ্গলবার সদর থানায় ২টি এবং গত ১৪ অক্টোবর ২টি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। পরদিন থানায় ৪টি সিসি ক্যামেরা ও ছাদে এলএমজি বসিয়ে নিরাপত্তা জোরদার করা হয়। এছাড়াও বালির বস্তা দিয়ে প্রাচীর তৈরি করে সতর্ক পাহারা বসানো হয়।
বগুড়ার পুলিশ সুপার মোজাম্মেল হক ককটেল হামলার জন্য শিবির কর্মীদেরকে দায়ী করেছেন। তিনি বলেন, ১৮ দলের মিটিং শেষে থানা সংলগ্ন একটি আবাসিক হোটেল থেকে ককটেল নিক্ষেপ করা হতে পারে।
