সাধারণ
বিজ্ঞান
চিত্র বা বর্তনীগুলো সুন্দর করে উপস্থাপন করবে
জ্যোতি ভূষন বিশ্বাস
প্রভাষক
রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জান বিজ্ঞান বিষয়টি কয়েকটি অংশের সমন্বয়ে করা হয়েছে এর মধ্যে আছে জীববিজ্ঞান, পদার্থ বিজ্ঞান, রসায়ন বিজ্ঞান ও ভূগোল বিষয় তাই প্রত্যেকটি অংশ তোমাদের সুন্দর করে পড়তে হবে। বিজ্ঞানে মোট ৯টি সৃজনশীল প্রশ্ন থাকবে এর মধ্যে তোমাদেরকে ৬টি প্রশ্নের উত্তর দিতে হবে এবং ৪০টি নৈর্ব্যক্তিক প্রশ্নের মধ্যে সবকটির উত্তর দিতে হবে। সৃজনশীল প্রশ্নের উত্তর দেয়ার সময় জ্ঞানমূলক, অনুধাবনমূলক, প্রয়োগমূলক ও উচ্চতর দক্ষতার প্রশ্নের নম্বর অনুযায়ী উত্তরগুলো সুন্দর করে সাজিয়ে-গুছিয়ে লিখতে হবে। অপ্রাসংগিক উত্তর কখনও লিখবে না। যেখানে যে চিত্র বা বর্তনী প্রয়োজন সেখানে সে চিত্র বা বর্তনীগুলো সুন্দর করে উপস্থাপন করবে। বিজ্ঞান এর মধ্যে পদার্থ ও রসায়ন অংশে কিছু এককের সম্মুখীন হবে তাই এককগুলো ঠিকমত লিখবে। জীব বিজ্ঞানের চিত্রগুলো যতটা সম্ভব ভাল করার চেষ্টা করবে। পরীক্ষার হলে কোন প্রশ্নের উত্তর যাতে বাদ না পড়ে সেদিকে খেয়াল রাখবে। উত্তরগুলো যথাসম্ভব প্রশ্নভিত্তিক যাতে হয় সেদিক লক্ষ্য রাখবে। নৈর্ব্যক্তিক অংশের উত্তরগুলো যাতে সম্পূর্ণ করতে পার তার জন্য সম্পূর্ণ বইটা সুন্দর করে পড়তে হবে এবং বুঝতে হবে।
মো. শাহিনুর মিয়া,অধ্যক্ষ
নওয়াব হাবিবুল্লাহ মডেল স্কুল এন্ড কলেজ
সুপ্রিয় জেএসসি পরীক্ষার্থীরা, ইতোমধ্যে পরীক্ষার যাবতীয় প্রস্তুতি নিশ্চয়ই শেষ করেছ। আর এখন চলছে শেষ মুহূর্তের ঝালাই করে নেয়ার কাজটা। সবার ইচ্ছা একটি ভাল রেজাল্ট করা। আর পরীক্ষায় ভাল রেজাল্টের জন্য মূল বইয়ের কোন বিকল্প নেই। প্রতিটি অধ্যায়ের সৃজনশীল ও বহুনির্বাচনি প্রশ্নের জন্য খুঁটিনাটি ও অধ্যায়ভিত্তিক আলোচনার মাধ্যমে বিভিন্ন অধ্যায়ের বিষয়বস্তু, ভাব, পাঠ্য করার প্রেক্ষাপট তথা উদ্দেশ্য ও শিখনফল ভালোভাবে পড়বে সেখান থেকে কীভাবে সৃজনশীল ও বহুনির্বাচনি প্রশ্ন হতে পারে তা নিয়ে ভাল ভাবে ভাববে। কারণ, তোমার পাঠ্য বইয়ের আলোকেই উদ্দীপকগুলো থাকবে।
সৃজনশীল প্রশ্ন পদ্ধতিতে পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করতে হলে শিক্ষার্থীদের অনেক কিছু করণীয় আছে। কী কী করতে হবে তা জেনে নাও:
১. পুরো পাঠ্যবইয়ের ওপর পড়াশোনা করা।
২. পাঠ্যবইয়ের বিষয়বস্তু হৃদয়াঙ্গম করে এবং উদ্দীপকের মর্মার্থ বুঝে পাঠ্যবইয়ের আলোকেই প্রশ্নের উত্তর লিখতে হবে।
৩. পাঠ্যবইয়ে পরিবেশিত তথ্য, তত্ত্ব, ধারণা, নিয়ম বা বিধি, পদ্ধতি, সূত্র ইত্যাদি নিয়ে ভাবনা-চিন্তা করার পাশাপাশি এগুলোকে নিজেদের চারপাশের জীবনের সঙ্গে মিলিয়ে দেখা।
৪. পাঠ্যবই মুখস্থ না করে নিজেদের বোধ আর চিন্তাশক্তি দিয়ে সব প্রশ্নের উত্তর করতে হবে।
৫. পাঠ্যবই থেকে অর্জিত জ্ঞান/ধারণার আলোকে কোনো বাস্তব পরিস্থিতি বা ঘটনা বিচার-বিশ্লেষণ করা, এমনকি সিদ্ধান্ত দেয়ার দক্ষতা অর্জন করতে হবে। শিক্ষার্থীদের এসব করণীয় দিক বিবেচনা করলে পাঠ্যবইয়ের গুরুত্ব ও প্রয়োজনীয়তা উপলব্ধি করা যায়। এ প্রসঙ্গে আরও বলা যায় যে,
উদ্দীপক: প্রতিটি সৃজনশীল প্রশ্নে একটি উদ্দীপক থাকে। উদ্দীপকটি পাঠ্যবইয়ের তথ্যের ভিত্তিতে তৈরি করা হয়। আবার পাঠ্যবইয়ের বিষয়বস্তু শিক্ষার্থীরা কতটুকু বুঝতে পেরেছে তা যাচাই করার জন্য উদ্দীপক ব্যবহৃত হয়।
উদ্দীপকের ভিত্তিতে রচিত প্রতিটি সৃজনশীল প্রশ্নের “ক” অংশে এমন প্রশ্ন থাকবে, যা শিক্ষার্থীরা তাদের পাঠ্যবই থেকে সরাসরি উত্তর লিখতে পারে। অর্থাত্ মুখস্থ করে এ অংশের উত্তর লেখা যায়।
প্রশ্নের “খ” অংশে থাকবে শিক্ষার্থীরা পাঠ্যবইয়ের কোনো বিষয়বস্তু বুঝতে পেরেছে কি না বা লিখে অন্যকে বোঝাতে পারে কি না। প্রশ্নের “গ” অংশে থাকবে পাঠ্যবই থেকে যে জ্ঞান লাভ করেছে তা বাস্তবজীবনে/নতুন পরিস্থিতিতে কতটুকু প্রয়োগ করতে পারে তা যাচাই করা।
প্রশ্নের “ঘ” অংশে শিক্ষার্থী তবে পাঠ্যবইয়ের অর্জিত ধারণা ব্যবহার করে কোনো পরিবর্তিত পরিস্থিতি বা নতুন কোনো ঘটনা বিচার-বিশ্লেষণ করার ক্ষমতা থাকলে এর উত্তর করা সবচেয়ে সহজ হবে।
শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য
উত্তর পয়েন্ট আকারে বা প্যারা করে লিখলে ভালো নম্বর পাওয়া যায়
মো. জাকির আহমেদ
সহকারি শিক্ষক
সাউথ কাশিমনগর হাই স্কুল
প্রিয় শিক্ষার্থী, শুভেচ্ছা নিয়ো।
প্রথমবারের মতো তোমরা শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য বিষয়ে পরীক্ষায় অংশ নিতে যাচ্ছো। এ বিষয়ে পূর্ণমান ৫০, সময় ২ ঘণ্টা। রচনামূলক প্রশ্নের জন্য ৩০ নম্বর এবং বহুনির্বাচনি প্রশ্নের জন্য ২০ নম্বর বরাদ্দ থাকবে।
রচনামূলক অংশ (প্রতিটি প্রশ্নের নম্বর-৫) : শারীরিক শিক্ষা অংশ [অধ্যায় নম্বর: ১ম, ২য় ও ৫ম] : ১৫ নম্বর (৫টি প্রশ্ন থেকে ৩টির উত্তর দিতে হবে)। স্বাস্থ্য অংশ [অধ্যায় নম্বর: ৩য় ও ৪র্থ]: ১৫ নম্বর (৫টি প্রশ্ন থেকে ৩টি প্রশ্নের উত্তর দিতে হবে।) বহুনির্বাচনি অংশ (প্রতিটি প্রশ্নের নম্বর-১): ২০টি বহুনির্বাচনি প্রশ্ন থাকবে এবং সব কয়টি প্রশ্নের উত্তর দিতে হবে। চিত্র অঙ্কনের ক্ষেত্রে প্রয়োজনীয় সরঞ্জামাদি ব্যবহার করবে এবং কোনো মাঠের বা কোটের চিত্র অঙ্কনের সময় তার পরিমাপ সুস্পষ্টভাবে উল্লেখ করবে,। অঙ্কন করার সময় যেখানে যে রকম সরঞ্জাম যেমন: কাঁটা কম্পাস, স্কেল, চাঁদা, পেনসিল কম্পাস, ইত্যাদি যথাযথভাবে ব্যবহার করতে হবে।
চিত্রাঙ্কনের সময চিত্র অঙ্কনের চিহ্নসমূহ সুস্পষ্ট থাকতে হবে। যেসব প্রশ্নে পার্থক্য নিরূপণ করার বিষয়ে জানতে চাওয়া হয়, সে ক্ষেত্রে পার্থক্য ছক আকারে দিলে ভালো হয়। উত্তর পয়েন্ট আকারে বা প্যারা করে লিখতে পার।
গার্হস্থ্য
অর্থনীতি
জেএসসি শিক্ষার্থী, গার্হস্থ্য অর্থনীতি বিষয়ে ভালো করতে হলে তোমাদের পাঠ্যবইয়ের প্রতিটি অধ্যায় খুব ভালো করে পড়তে হবে। প্রতিটি অধ্যায় ভালোভাবে পড়া থাকলে বহুনির্বাচনি ও সৃজনশীল প্রশ্নের উত্তর দিতে খুব সহজ হবে। বহুনির্বাচনি অংশে ৪০ নম্বর। তাই এ অংশে পুরো নম্বর পেতে হবে। সে জন্য ভালো করে পাঠ্যবই পড়ো, বুঝে পড়ো, মনোযোগ দিয়ে পড়ো। বহুনির্বাচনিতে ৪০ নম্বরের মধ্যে ৪০ নম্বর পেলে তোমার মূল পরীক্ষায় ভালো নম্বর পাওয়াটা সহজ হবে। সৃজনশীল প্রশ্নের উত্তর লেখার ক্ষেত্রে জ্ঞান, অনুধাবন, প্রয়োগ ও উচ্চতর দক্ষতা এই চারটি ধারার প্রশ্নের উত্তর অবশ্যই সঠিক নিয়ম মেনেই লিখবে।
খাদ্য ও পুষ্টির ওপর যেসব তথ্য আছে সেগুলো ভালো করে পড়বে, যাতে উত্তর লেখার সময় কোনো ভুল তথ্য না দেয়া হয়। খাদ্য-উপাদানের বিভিন্ন ছবি ও চার্টের মাধ্যমেও সৃজনশীল প্রশ্ন হতে পারে। তাই অধ্যায়ের ওপর জোর দেবে। একটি তথ্য যেন অন্যটির মধ্যে না যায় সেদিকে খেয়াল রাখবে। তথ্য ভুল হলে নম্বর কমে যাবে। তাই সঠিক তথ্য উপস্থাপন করবে।
কৃষি
শিক্ষা
কৃষি শিক্ষায় নতুন সিলেবাসে মোট চয়টি অধ্যায় রয়েছে। প্রশ্নে সৃজনশীল প্রশ্ন থাকবে নয়টি, ছয়টির উত্তর করতে হবে। তিনটি অধ্যায় থেকে দুটি করে প্রশ্ন থাকবে। তাই সব অধ্যায়কে সমান গুরুত্ব দিতে হবে। প্রতিটি প্রশ্নের ক এবং থ এর উত্তর দয়েআর জন্য অধ্যায়ভিত্তিক সংজ্ঞা, পার্থক্য বৈশিষ্ট্য ইত্যাদি; ভালোভাবে পড়তে হবে।এতে সহজেই ১৮ নম্বর পেয়ে যাবে। গ এবং ঘ এর উত্তরের জন্য বইয়ের প্রতিটি অধ্যায় বুঝে পড়তে হবে। সৃজনশীল উত্তরের প্রস্তুতির সাথে সাথে নৈর্ব্যক্তিকের জন্যও প্রস্তুতি নিয়ে নিবে। ১ম ৪র্থ ও ৬ষ্ঠ অধ্যায় থেকে একাদিক উত্তর করার প্রস্তুতি নিবে।
