শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষায় দুটি ইউনিটে ৪৯ হাজার ৪৪২ জন শিক্ষার্থী আবেদন করেছেন। অপর দিকে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় ১১ হাজার ৪৩৮ জন ভর্তিচ্ছু আবেদন করেছেন। আগামী ৩০ নভেম্বর যৌথভাবে শাবিপ্রবি ও যবিপ্রবির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবার ভর্তি পরীক্ষায় দুই বিশ্ববিদ্যালয়ে ৬০৮৮০ জন শিক্ষার্থী আবেদন করেছেন। গড়ে প্রতি আসনে শাবিতে ৩৫ এবং যবিতে ১৮ জন প্রতিযোগী। গতকাল ভর্তি কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. মো: শাহআলম এ সব তথ্য জানান।
কমিটির সদস্য সচিব আরো জানান, শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটে প্রতি আসনে ৩৭ শিক্ষার্থী ও ‘বি’ ইউনিটে ৩৬ পরীক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করবে। ‘এ’ ইউনিটে ৬০০টি আসনের বিপরীতে আবেদন পড়েছে ২০ হাজার ১৪৩ ও ‘বি’ ইউনিটে ৮০০টি আসনের বিপরীতে ২৯ হাজার ২৯৯ জন শিক্ষার্থী আবেদন করেছেন।
অন্যদিকে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুটি ইউনিটে মোট ১১ হাজার ৪৩৮ পরীক্ষার্থী আবেদন করেছেন। ‘এ’ ইউনিটে ৭০টি আসনের বিপরীতে ১২০১টি ও ‘বি’ ইউনিটে ৫৪০টি আসনের বিপরীতে ১০ হাজার ২৩৭টি আবেদন জমা পড়েছে। ‘এ’ ইউনিটে প্রতি আসনে ১৭ ও ‘বি’ ইউনিটে ১৮ জন পরীক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করবে।
