বেপরোয়া প্রাইভেটকার কেড়ে নিল যুবকের প্রাণ

আপডেট : ১৯ মে ২০১৯, ২২:১৮

ইত্তেফাক রিপোর্ট

রাজধানীর পল্লবী এলাকায় বেপরোয়া গতির প্রাইভেটকারের ধাক্কায় আমিন নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি লেগুনা চালক ছিলেন। গতকাল রবিবার সকালে এ ঘটনা ঘটে।

জানা গেছে, আমিনের বাসা পল্লবীর বাউনিয়াবাধের বি ব্লকে। গতকাল সকাল সাড়ে ১০টার দিকে পল্লবীর ঝুটপট্টি এলাকায় রাস্তা পার হচ্ছিলেন আমিন। এ সময় একটি প্রাইভেটকার তাকে ধাক্কা দিলে গুরুতর আহত হন তিনি। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে দুপুর সাড়ে ১২টায় চিকিত্সক মৃত ঘোষণা করেন।

পল্লবী থানার এসআই সোহেল সিকদার জানান, আমিনকে ধাক্কা দিয়ে প্রাইভেটকার নিয়ে চালক পালিয়েছে। এ ঘটনায় সন্ধ্যায় মামলার প্রক্রিয়া চলছিল বলে জানান তিনি।