সংবিধানে একতরফা সংশোধনী সংঘাতের জন্ম দিয়েছে

আপডেট : ২৬ অক্টোবর ২০১৩, ২২:২৩
নাগরিক ঐক্য আয়োজিত সংলাপে বিশিষ্টজন বলেছেন, সংবিধানের এক তরফা সংশোধনীই দেশে সংঘাতের জন্ম দিয়েছে। এখন আবার একতরফা নির্বাচনের আয়োজন চলছে; কিন্তু দেশের মানুষ একতরফা নির্বাচন মেনে নেবে না। একজন আলোচক সংবিধানের পঞ্চদশ সংশোধনীকে অবৈধ বলেও অভিহিত করেন। এই সংলাপে আরো বলা হয়, দেশের বড় দুইটি রাজনৈতিক দলের মধ্যে কার্যত কোনো পার্থক্য নেই। মানুষ দুই দলের ওপরই প্রচণ্ড বিরক্ত। এ অবস্থায় একটি রাজনৈতিক তৃতীয় শক্তি গড়ে তোলার প্রয়োজনীয়তার কথা বলেন তারা। শনিবার রাজধানীর ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ার্স-এর সেমিনার হলে নাগরিক ঐক্য আয়োজিত ‘উদ্ভূত সাংঘর্ষিক পরিস্থিতিতে নাগরিকদের করণীয়’ শীর্ষক এক সংলাপে এসব কথা বলা হয়। নাগরিক ঐক্যের আহ্বায়ক ও সাবেক আওয়ামী লীগ নেতা মাহমুদুর রহমান মান্নার সঞ্চালনায় এতে আলোচনায় অংশ নেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক দুই উপদেষ্টা এম হাফিজউদ্দিন খান ও ড. আকবর আলি খান, জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির সভাপতি আ স ম আব্দুর রব, সুশাসনের জন্য নাগরিক-সুজন সম্পাদক ড. বদিউল আলম মজুমদার, সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার, সাবেক সংসদ সদস্য ও নাগরিক ঐক্যের উপদেষ্টা এস এম আকরাম, কমিউনিস্ট পার্টি অব বাংলাদেশের (সিপিবি) সাধারণ সম্পাদক সৈয়দ জাফর আহমদ, বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান, সাংবাদিক আশরাফ কায়সার, সাংবাদিক আবু সাঈদ খান, অধ্যাপক রাশেদ আল মাহমুদ প্রমুখ। এম হাফিজউদ্দিন খান বলেন, বর্তমান প্রধানমন্ত্রী সকল সরকারি সুযোগ-সুবিধা নিয়ে গণভবনে বসে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। এটা অনৈতিক এবং অবৈধ। দেশের মানুষ এখন আর দুই দলকে চায় না। তারা এখন তৃতীয় রাজনৈতিক শক্তিকে ক্ষমতায় দেখতে চায়। ড. আকবর আলি খান বলেন, বর্তমান সরকার আসলে মিথ্যা বলে না, অর্ধসত্য কথা বলে। প্রধানমন্ত্রী সব সময় ওয়েস্ট মিনিস্টার পদ্ধতির গণতন্ত্রের কথা বলেন; কিন্তু ওয়েস্ট মিনিস্টার গণতন্ত্রে তো দলীয় প্রধান সরকার প্রধান হতে পারেন না। অনুষ্ঠানের সভাপতি ও নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, পাঁচ বছরের দু:শাসনের পর নির্বাচন নিয়ে আতঙ্ক ও সংঘাতের পুনরাবৃত্তি দেশের মানুষ চায় না। একটি বিকল্প রাজনৈতিক শক্তির প্রয়োজনীয়তা ও সম্ভাবনা সম্পর্কে জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টি করতে হবে। আ স ম আব্দুর রব বলেন, দেশে একটা কিছু হবে বোঝা যাচ্ছে; কিন্তু কী হবে তা বোঝা যাচ্ছে না। তবে যা হবে তা কারো জন্যই মঙ্গল হবে না। দলীয় সরকারের অধীনে আমরা নির্বাচনে যাবো না। সংবিধানের পঞ্চদশ সংশোধনীকে অবৈধ বলে অভিহিত করে সুজন সম্পাদক ড. বদিউল আলম মজুমদার বলেন, এ কারণেই দেশে এক মারাত্মক রাজনৈতিক সংকট সৃষ্টি হয়েছে।