দেড় লাখ টাকা জরিমানা
ইত্তেফাক রিপোর্ট
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) উচ্ছেদ অভিযানে গুলশান এলাকায় রাস্তা ও ফুটপাতের উপর ২০০টির অধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। গতকাল সংস্থাটির প্রধান রাজস্ব কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল হামিদ মিয়ার নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
এ সময় রাস্তা ও ফুটপাত দখল করে নির্মাণ সামগ্রী রাখায় হিলটনকে ১ লাখ টাকা এবং ফুটপাতে জেনারেটর এবং অন্যান্য সামগ্রী রাখায় আমিন জুয়েলার্সকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানকালে অন্যান্যের মধ্যে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মফিজুর রহমান উপস্থিত ছিলেন। ডিএনসিসির অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান ও ভ্রাম্যমাণ আদালত অব্যাহত থাকবে।
