ধরপাকড়ের মধ্যে সমঝোতার প্রস্তাব বিভ্রান্তিকর

আপডেট : ২৬ অক্টোবর ২০১৩, ২২:৩১
একদিকে ধরপাকড় অন্যদিকে সমঝোতার কথা বলে সরকার জনগণকে বিভ্রান্ত করছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি গতকাল রাজধানীর নয়াপল্টনে বিএনপির কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে এ অভিযোগ করেন। সরকার নিরপেক্ষ ও স্বচ্ছ নির্বাচন করতে ভয় পাচ্ছে দাবি করে মির্জা ফখরুল বলেন, তারা চোরাগলি দিয়ে আবারো ক্ষমতার অলিন্দে প্রবেশ করতে চায়; কিন্তু জনগণের আন্দোলনে তারা খড়-কুটোর মতো ভেসে যাবে। সরকারি বাধা সত্ত্বেও সারা দেশে শুক্রবার জনগণ অভ্যুত্থান সৃষ্টি করেছে। তারা নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন আদায় করে ছাড়বে বলেও মন্তব্য করেন তিনি। তিনি বলেন, শুক্রবার হামলায় সরকার পুলিশ, র্যাব ও বিজিবিকে ব্যবহার করেছে। আইন-শৃঙ্খলা বাহিনী হচ্ছে প্রজাতন্ত্রের কর্মচারী অথচ তারা এই বাহিনীকে জনগণের বিরুদ্ধে লেলিয়ে দিচ্ছে। সারা দেশের হামলায় আইন-শৃঙ্খলা বাহিনী ও আওয়ামী লীগের নারকীয় তাণ্ডব ফের উন্মোচিত হয়েছে। ২৭ তারিখ থেকে সরকার অবৈধ হলে বিরোধী দলীয় নেতা কী বৈধ থাকবেন সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে মির্জা ফখরুল বলেন, বিরোধী দলীয় নেতার বক্তব্যে তা স্বব্যাখ্যাত। তিনি বলেন, জনগণের চাপেই সরকার সোহরাওয়ার্দী উদ্যানসহ সারা দেশে আমাদের সমাবেশ করতে দিয়েছে। কোনো কোনো জায়গায় জনগণ ১৪৪ ধারা অমান্য করে সমাবেশ করেছে। দেশের বিভিন্ন স্থানে সরকারি বিভিন্ন বাহিনীর গুলিতে ৮ জন নিহত এবং অনেকে আহত হয়েছে। তিনি ফরিদগঞ্জ, চকোরিয়া, জলঢাকা এবং শ্যামনগরে ১৮ দলীয় নেতা-কর্মীদের হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।