চিরিরবন্দর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও নশরতপুর ইউপি চেয়ারম্যান নুরে আলম সিদ্দিকী নয়নের নেতৃত্বে স্থানীয় সাংবাদিক ও আওয়ামী লীগ সমর্থিত দুইটি পরিবারে হামলা চালিয়ে ঘরবাড়ি ভাংচুর করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল চিরিরবন্দর থানার পরিদর্শক হারিছুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
উপজেলার নশরতপুর ইউনিয়নের সাংবাদিক ফজলুল হক জানান, গতকাল শনিবার ওই ইউনিয়নের চেয়ারম্যান নয়নের নেতৃত্বে শতাধিক বিএনপি-জামায়াত-শিবির নেতাকর্মী তার বাড়িতে চড়াও হয়ে ঘরের বেড়া ভেঙ্গে দেয়। এ সময় বাড়ির আসবাবপত্র তছনছ ও তাকে খুঁজে না পেয়ে পরিবারের লোকজনদের লাঞ্ছিত করে চলে যায়। এর পরই ওই গ্রামের আওয়ামী লীগ কর্মী আব্দুল ওয়াদুদের পুত্র আব্দুল নুরের বাড়িতে চড়াও হয়ে বাড়িঘর ভাংচুর করে।
সরকারের উন্নয়ন চিত্রের বিলবোর্ডে অগ্নিসংযোগ
বিএনপি এবং জামায়াত-শিবির নেতাকর্মীরা বিক্ষোভ মিছিলের নামে হামলা চালিয়ে দিনাজপুরের বিভিন্ন স্থানে সরকারের উন্নয়ন চিত্রের ডিজিটাল বিলবোর্ড ও পোস্টারে অগ্নিসংযোগের অভিযোগ থানায় দায়ের করা হয়েছে ।
দিনাজপুর সদর কোতোয়ালী থানার ওসি জানান, গতকাল শনিবার শহর আওয়ামী লীগের পক্ষ থেকে এ সংক্রান্ত একটি অভিযোগ থানায় করা হয়েছে।
দিনাজপুর শহর আওয়ামী লীগের সভাপতি মোঃ আনোয়ারুল ইসলাম জানান, গত শুক্রবার জেলা বিএনপির একটি বিক্ষোভ মিছিলে জামায়াত ও শিবিরের নেতাকর্মীরা যোগ দিয়ে শহরের জেলা স্কুল মোড়, সদর হাসপাতাল মোড়, স্টেশন মোড়, নিমতলা মোড়, মুন্সিপাড়া সোনালী ব্যাংকের সম্মুখে স্থাপিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং প্রধানমন্ত্রীর ছবিসহ সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডের ডিজিটাল ব্যানার, পোস্টার অগ্নিসংযোগ ও ভাংচুরে ক্ষতিসাধন করে।
