বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত সুইডেন সফর শেষে গতকাল রবিবার দেশে প্রত্যাবর্তন করেছেন। সফরকালে বাংলাদেশ বিমান বাহিনী প্রধান সুইডেনের স্টকহোমে অনুষ্ঠিত ‘দি ইন্টারন্যাশনাল ফোরাম ফর দি মিলিটারি সিমুলেশন, ট্রেনিং এন্ড এডুকেশন কমিউনিটি’ (আইটিইসি)-২০১৯ এ অংশগ্রহণ করেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল রবিবার একথা জানানো হয়।
এছাড়া বিমান বাহিনীর প্রধান সুইডিস আর্মড ফোর্সেস ও সুইডিস এয়ার ফোর্সের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময় করেন। এই সফরে তিনি ইন্সপেক্টরেট অব স্ট্রাটেজিক প্রডাক্টস (আইএসপি) এবং সুইডিস ডিফেন্স মেটেরিয়াল অ্যাডমিনিসট্রেশন (এফএমভি)-এর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গেও পেশাগত বিষয়ে আলোচনা করেন। উল্লেখ্য, বিমান বাহিনী প্রধান ৪ দিনের এক সরকারি সফরে গত ১২ মে সুইডেনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন।
