জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. আনোয়ার হোসেনের পদত্যাগ দাবিতে শিক্ষক সমিতির কর্মবিরতি অব্যাহত রয়েছে। গতকাল শনিবার ঈদুল আজহা ও শারদীয় দুর্গাপূজার ছুটি শেষে বিশ্ববিদ্যালয় খুললেও অধিকাংশ বিভাগে কোন ক্লাস-পরীক্ষা অনুষ্ঠিত হয়নি।
এদিকে বিরোধী দলীয় নেতার বক্তব্যের প্রতিবাদ জানিয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ গতকাল এক বিক্ষোভ মিছিল বের করে।
কমিটিতে ঠাঁই না পেয়ে বিভাগে তালা
বিশ্ববিদ্যালয়ে আসন্ন ২০১৩-১৪ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় উদ্ভিদ বিজ্ঞান বিভাগের ভর্তি পরীক্ষা সংক্রান্ত কমিটিতে স্থান না পাওয়ায় বিভাগে তালা লাগিয়ে শিক্ষক-শিক্ষার্থীদের অবরুদ্ধ করেন ওই বিভাগের এক শিক্ষক। গতকাল দুপুর ২টা থেকে বিকাল পৌনে ৫টা পর্যন্ত বিভাগীয় সব শিক্ষককে নিজ বিভাগে অবরুদ্ধ করে রাখেন উদ্ভিদবিজ্ঞান বিভাগের শিক্ষক অধ্যাপক মো. আলী আকন্দ মামুন, তার স্ত্রী বিভাগীয় শিক্ষক ড. সানজিদা মুবাশ্শারা। এ সময় ওই বিভাগের সব শিক্ষার্থী অবরুদ্ধ হয়ে পড়েন। পরবর্তীতে শিক্ষক সমিতির হস্তক্ষেপে বিষয়টি সাময়িক সমাধান করা হয়।
