নারায়ণগঞ্জে ২ পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত ১৫

আপডেট : ২৬ অক্টোবর ২০১৩, ২২:৩৩
নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় একটি কারখানার পরিত্যক্ত কাঁচামালের ব্যবসা নিয়ে বিরোধের জের ধরে ২ পক্ষের সংঘর্ষে গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ২ জন গুলিবিদ্ধসহ অন্তত ১৫ জন আহত হয়। পৃথক সময়ে গত শুক্রবার রাতে ও গতকাল শনিবার সকালে এসব সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল ও ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। খবর পেয়ে বন্দর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। থানার ওসি আক্তারুজ্জামান বলেন, ২ পক্ষের ব্যাপক সংঘর্ষের সময় পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বন্দরের মদনগঞ্জ এলাকায় একটি কারখানায় আগে পরিত্যক্ত কাঁচামাল নামাতো ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর ফয়সাল আহমেদ সাগর। সম্প্রতি ওই কারখানা কর্তৃপক্ষ কাজটি মেসার্স মদনগঞ্জ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মাহাবুবুর রশিদ টিটোকে দেয়। এর ফলে কাজ না পেয়ে ক্ষুব্ধ হয়ে উঠে ফয়সাল আহমেদ সাগর ও তার লোকজন। এসব বিরোধের জের ধরে গত শুক্রবার রাতে মদনগঞ্জে টিটো ও ফয়সাল পক্ষের সদস্যদের মধ্যে বাকবিতণ্ডার ঘটনা ঘটে। একপর্যায়ে ফয়সালের লোকজন লাঠিসোটা ও ধারালো অস্ত্র নিয়ে টিটোর লোকজনদের ওপর হামলা চালিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে। এ সময় টিটো গ্রুপের অন্তত ৫ জন আহত হয়। এরপর গতকাল সকালে আবারো ২ পক্ষের লোকজনদের মধ্যে বাকবিতণ্ডা ও সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় ২ পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষে ফয়সালের লোকজন বেশ কয়েক রাউন্ড গুলি করে বলে জানা যায়। এতে ২ জন গুলিবিদ্ধসহ আরো ১০ জন আহত হয়। গুলিবিদ্ধ অজ্ঞাত পথচারী ও রাসেল প্রধানকে আশংকাজনক অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।