চকরিয়ায় দুইজন নিহত

বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে ৪ মামলা

আপডেট : ২৬ অক্টোবর ২০১৩, ২২:৩৪
চকরিয়ায় শুক্রবারের সহিংসতার ঘটনায় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে শনিবার রাতে থানায় ৪টি মামলা করেছে পুলিশ। এসব মামলায় আসামি করা হয়েছে সাড়ে ১৩ শত নেতা-কর্মীকে। পুলিশ এসব মামলায় তিন জনকে গ্রেফতার করে। পৌর এলাকায় ১৪৪ ধারা বহাল রয়েছে। জানা গেছে, উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীরা গত শুক্রবার বিকালে ১৪৪ ধারা ভঙ্গ করে মিছিল করলে বিজিবি ও পুলিশ তাদের বাধা দেয়। এসময় বিএনপির মিছিল থেকে বিজিবিকে লক্ষ্য করে ইট ও গুলি ছুঁড়লে বিজিবি-পুলিশ পাল্টা গুলি ও টিয়ারসেল ছোঁড়ে। এতে ঘটনাস্থলে নিহত হন পৌরসভার ২নং ওয়ার্ড স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম বাদশা (২৮) এবং কাকারা ইউনিয়নের মাইজকাকারা গ্রামের পুলের ছড়া এলাকায় আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষে মিজানুর রহমান (১৬) নামের এক কিশোর নিহত হয়। চকরিয়া থানার ওসি রনজিত কুমার বড়ুয়া বলেন, সহিংসতার ঘটনায় বিস্ফোরক দ্রব্য, সন্ত্রাস দমন আইন, পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে। বাদশা হত্যা এবং মিজান হত্যার ঘটনায় থানায় পৃথক মামলা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনোয়ারা বেগম বলেন, পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় পৌর এলাকায় ১৪৪ ধারা বহাল রাখা হয়েছে।