নির্বাচনে খালেদা জিয়া বাধা দিলে সর্বাত্মক শক্তি দিয়ে দমন করা হবে :স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট : ২৬ অক্টোবর ২০১৩, ২২:৫০
স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর বলেছেন, নির্বাচনে খালেদা জিয়া বাধা দিলে সর্বাত্মক শক্তি দিয়ে দমন করা হবে। হরতাল আহ্বান বা পালন করার কোনো নৈতিক অধিকার তার কিংবা তার সহযোগী দলের নেই। মানুষের অধিকার রক্ষা করতে নির্বাচনের পথে দেশকে এগিয়ে নিতে তারা যদি কোনো বাধার সৃষ্টি করে তাহলে রাষ্ট্রের পক্ষ থেকে সর্বাত্মক শক্তি দিয়ে দমন করা হবে। জেলার কচুয়া বঙ্গবন্ধু ডিগ্রি কলেজে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও ড. জালাল আলমগীর বৃত্তি প্রদান অনুষ্ঠান শেষে গতকাল শনিবার দুপুরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। সংলাপ প্রসঙ্গে তিনি বলেন, গণতন্ত্র রক্ষা ও নির্বাচন সুষ্ঠু-সুচারুভাবে অনুষ্ঠানের লক্ষ্যে সরকার যে কোনো দল বা ব্যক্তির সাথে আলোচনার জন্য তৈরি আছে। যদি কোনো দল নির্বাচনে না আসে তাহলে সেই দায়িত্ব তাদের। এর জন্য নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হওয়ায় কোনো ব্যাঘাত সৃষ্টি হবে না। ২৭ অক্টোবরের পর বর্তমান সরকার ‘অবৈধ’ প্রসঙ্গে তিনি আরো বলেন, এটা অলৌকিক শব্দ। সংবিধান অনুযায়ী ২৪ জানুয়ারি পর্যন্ত পরবর্তী নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সীমা আছে। সেই পর্যন্ত এই সরকার বৈধ, নিশ্চিত ও কার্যকর থাকবে। কলেজ গভর্নিং বডির সভাপতি অধ্যাপক ড. মুনতাসীর মামুনের সভাপতিত্বে বৃত্তি প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—কলেজ অধ্যক্ষ শাহ মোহাম্মদ জালাল উদ্দীন চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক নূরুল্লাহ নূরী, উপজেলা চেয়ারম্যান আইয়ুব আলী পাটওয়ারী প্রমুখ।