নিউইয়র্কে ‘বাংলাদেশের আসন্ন নির্বাচন ও ক্রান্তিকাল’ শীর্ষক এক সেমিনারে বক্তারা বলেছেন, আগামী নির্বাচনে বিএনপি-জামায়াত নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট ক্ষমতায় এলে মুক্তিযুদ্ধের চেতনা ভূলুণ্ঠিত হবে। দেশ আবার পিছিয়ে পড়বে। আর আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট সরকার আবার ক্ষমতায় গেলে বাংলাদেশে উন্নয়নের ধারা অব্যাহত থাকবে। জাতি সঠিক পথে পরিচালিত হবে। যুদ্ধাপরাধীদের বিচার সম্পন্ন করার মাধ্যমে বাংলাদেশ সত্যিকারের অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক দেশ হিসাবে প্রতিষ্ঠা পাবে। বক্তারা জামায়াতকে মিশরের মুসলিম ব্রাদারহুডের ফ্রাঞ্চাইজ উল্লেখ করে বলেন, জামায়াত-হেফাজতকে অর্থ সাহায্য দেয়ার জন্য বিদেশে প্রচুর লোক আছে।
শুক্রবার রাতে নিউইয়র্কের জ্যাকসন হাইটসের পালকি পার্টি সেন্টারে ইউএসএ কমিটি ফর সেক্যুলার ডেমোক্রেটিক বাংলাদেশ আয়োজিত এ সেমিনারে বক্তারা জামায়াতকে বায়ান্নর ভাষা আন্দোলন ও মহান মুক্তিযুদ্ধের চেতনা পরিপন্থি রাজনৈতিক দল আখ্যা দিয়ে নিষিদ্ধ করার দাবি জানান।
সংগঠনের আহ্বায়ক, বীর মুক্তিযোদ্ধা ও বিজ্ঞানী ড. নূরন নবীর সভাপতিত্বে সেমিনারে আলোচক ছিলেন যুক্তরাষ্ট্র সফররত সাবেক কূটনীতিক ও কলামিস্ট মহিউদ্দিন আহমেদ, বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক লে. কর্নেল (অব.) সাজ্জাদ জহির বীর প্রতীক, নিউইয়র্ক সিটি আওয়ামী লীগের সভাপতি ও যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক কমান্ডার নূরন্নবী, প্রবীণ সাংবাদিক সৈয়দ মোহাম্মদ উল্লাহ, কবি ও লেখক বেলাল বেগ, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এম এ সালাম, যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা যুব কমান্ডের সাধারণ সম্পাদক শাহীন ইবনে দিলওয়ার, নিউইয়র্ক গণজাগরণ মঞ্চের অন্যতম সংগঠক ও সাংবাদিক আকবর হায়দার কিরণ, কক্সবাজার জেলা আওয়ামী লীগের নেতা কমরউদ্দিন এবং যুক্তরাষ্ট্র প্রজন্ম ৭১’র সভাপতি শিবলী সাদিক শিবলু। সেমিনারের সঞ্চালক ছিলেন ইউএসএ কমিটি ফর সেক্যুলার ডেমোক্রেটিক বাংলাদেশের সদস্য সচিব, নিউইয়র্ক সিটি আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও মুক্তিযোদ্ধা যুব কমান্ডের সভাপতি জাকারিয়া চৌধুরী।
