নীলফামারীর জলঢাকায় গত শুক্রবার জামায়াত-পুলিশের সংঘর্ষে উপজেলা জামায়াতের আমীর আব্দুল গনিসহ ৫০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত সহস্রাধিক নেতাকর্মীর নামে থানায় একটি মামলা দায়ের হয়েছে। পুলিশ ঘটনাস্থল ও বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ১৭ জনকে গ্রেফতার করে। গত শুক্রবার জলঢাকায় জামায়াত-পুলিশ সংঘর্ষে মোশলেম উদ্দিন (২৫) নামের একজন নিহত হয়েছে।
জানা যায়, রাতেই জলঢাকা থানার এস.আই কার্তিক মহন্ত বাদী হয়ে এ মামলা দায়ের করেন। গত শুক্রবার সারাদেশে কেন্দ ীয় কর্মসূচির অংশ হিসাবে স্থানীয় পেট্রোল পাম্প এলাকা থেকে জামায়াত-শিবিরের একটি বিক্ষোভ মিছিল বের হয়ে পৌর শহরের দিকে আসার চেস্টা করে। পৌর অফিসের কাছে পুলিশ তাদের বাধা দিলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়। টানা ৩ ঘন্টা সংঘর্ষে জলঢাকা থানার ওসি, পুলিশ, সাংবাদিকসহ ৫০ জন আহত হয়। গুলিবিদ্ধ ৭ জনের মধ্যে রাতে দক্ষিণ কাজিরহাট এলাকার আবুল হোসেনের ছেলে মোশলেম উদ্দিন নামের একজন মারা যায়। জলঢাকা থানার ওসি (তদন্ত) মোকছেদ আলী জানান, মামলার অপর আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
