ইরানে ১৬ বিদ্রোহীকে ‘প্রতিশোধের’ ফাঁসি

আপডেট : ২৬ অক্টোবর ২০১৩, ২২:৫৩
পাকিস্তান সীমান্তে সংঘর্ষের ঘটনায় ইরান কর্তৃপক্ষ গতকাল শনিবার ১৬ জন বিদ্রোহীকে ‘প্রতিশোধমূলক’ ফাঁসি দিয়েছে। শুক্রবার রাতে বন্দুকধারীদের সাথে সংঘর্ষে ইরানের সীমান্তরক্ষী বাহিনীর ১৪ সদস্য নিহত হয়েছিল। বার্তা সংস্থা ফারস-এর বরাত দিয়ে সিস্তান-বেলুচিস্তান প্রদেশের অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ মারজিয়েহ্ বলেন, ‘সারাভানে সীমান্তরক্ষী বাহিনীর সদস্যদের নিহতের ঘটনার প্রেক্ষিতে সরকার বিরোধী সংগঠনের সঙ্গে জড়িত ১৬ বিদ্রোহীকে ফাঁসি দিয়েছে।’ সূত্র জানায়, সীমান্তরক্ষীদের হত্যার জবাব দিতে কারাগারে আটক থাকা ১৬ বিদ্রোহীকে ফাঁসিতে ঝুলানো হয়েছে। দেশটির সংবাদ মাধ্যমগুলোর দাবি, সীমান্তে হামলকারী রাষ্ট্রবিরোধী বিচ্ছিন্নতাবাদী সংগঠনের সঙ্গে কারাবন্দি এসব বিদ্রোহীদের যোগাযোগ ছিল। সীমান্তবর্তী শহর সারাভানের জাহেদান কারাগারে ফাঁসি কার্যকর করা হয়।