সরকার কেন অবৈধ তার ব্যাখ্যা দিন

আপডেট : ২৬ অক্টোবর ২০১৩, ২২:৫৫
আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বিরোধী দলীয় নেতার উদ্দেশে বলেছেন, বর্তমান সরকার আজ রবিবার থেকে কেন অবৈধ তার সাংবিধানিক, রাজনৈতিক ও গণতান্ত্রিক ব্যাখ্যা আপনি জনগণের সামনে তুলে ধরুন। অন্যথায় ভুল স্বীকার করে বক্তব্য প্রত্যাহার করুন। গতকাল শনিবার দুপুরে রাজধানীর পাবলিক লাইব্রেরী মিলনায়তনে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত ‘বোমা হামলা, সন্ত্রাস, নৈরাজ্য, নাশকতা, অগ্নিসংযোগ, হুমকি-ধমকি, হরতাল, সহিংসতা সৃষ্টি করে নির্বাচন বানচাল করা যাবে না’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। খালেদা জিয়ার প্রতি প্রশ্ন রেখে সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, সরকার যদি অবৈধ হয় তাহলে খালেদা জিয়া বিরোধী দলীয় নেত্রী থাকেন কিভাবে? খালেদা জিয়ার উপদেষ্টাদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, তাকে সু-উপদেশ দেবেন। সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, বর্তমান মহাজোট সরকারকে জনগণ ৫ বছরের জন্য ম্যান্ডেট দিয়েছে। সেই ৫ বছর আগামী ২৪ জানুয়ারি শেষ হবে। তার পর বর্তমান প্রধানমন্ত্রী আর একটি নির্বাচিত প্রধানমন্ত্রীর কাছে ক্ষমতা হস্তান্তর করবেন। তিনি বলেন, আলোচনার কোন বিকল্প নেই। খালেদা জিয়া আল্টিমেটাম দিয়ে আলোচনার পথ নষ্ট করতে চাচ্ছেন উল্লেখ করে সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, এমপিদের বাড়ির সামনে বোমা মেরে, হরতাল দিয়ে, আওয়ামী লীগ অফিসে আগুন দিয়ে আলোচনার পথ অবরুদ্ধ করছেন। সংগঠনের সহ-সভাপতি শেখ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন আওয়ামী লীগের উপকমিটির সহ সম্পাদক এডভোকেট বলরাম পোদ্দার, শাজাহান আলম সাজু, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুন সরকার রানা প্রমুখ।