চেয়ারম্যানের পরামর্শ

সর্বদা শতভাগ উত্তর করার চেষ্টা করবে

আপডেট : ২৭ অক্টোবর ২০১৩, ১৯:২২
জেএসসি পরীক্ষার্থী বন্ধুরা পরীক্ষার রুটিন অনুযায়ী বিভিন্ন পত্রের পড়াশুনার কিংবা রিভিশনের বিষয়টি পরিকল্পনায় অবশ্যই রাখতে হবে। পরীক্ষার পূর্বেই প্রবেশপত্র, রেজিস্ট্রেশন কার্ড, একাধিক ভালো কালো বল পয়েন্ট কলম, স্কেল, কাঠ পেন্সিল ও প্রয়োজনীয় উপাদানসমূহ প্লাস্টিক কভার ব্যাগে গুছিয়ে রাখবে। এ সময় খাওয়া-দাওয়া, চলা-ফেরা, বিশ্রাম, সঠিক সময়ে ঘুমানো, পড়াশুনা সবকিছুর মাঝে সুস্থ বা স্বাভাবিক ধারা বজায় রাখবে। কোন কিছুতেই তাড়াহুড়ো না করাই ভাল। পরীক্ষার্থী বন্ধুরা কভার পাতায় রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, বিষয় কোড ইত্যাদি সঠিক ও পরিচ্ছন্নভাবে ভরাট করবে। এ জরুরি কাজটি পূর্বেই স্কুলের শিক্ষকদের নিকট হতে অভ্যাস করলে পরীক্ষার সময় বৃত্ত পূরণে ভুলভ্রান্তি কম হবার সম্ভাবনা থাকবে। পরীক্ষার শুরুতেই ধীরস্থিরভাবে গোটা প্রশ্ন মনোযোগ সহকারে পড়বে এবং এর মধ্যে যেসব প্রশ্নের উত্তর অধিকতর সহজ বা জানা আছে সেগুলো প্রথমে লিখবে। সাধারণত পরীক্ষার শুরুটা ভাল হলে হাতের লেখাসহ প্রাসঙ্গিক বিষয়গুলো চমত্কার ও যথার্থ হয়। এক্ষত্রে কাটাকাটি ও বানান ভুল কম হয়। সর্বদা শতভাগ উত্তর করার চেষ্টা করবে। পরীক্ষার আগে ও পরীক্ষার দিনগুলোতে অভিভাবকদের বিশেষ করে মা-বাবা, নিকট আত্মীয়-স্বজনদের পরীক্ষার্থী বন্ধুদের প্রতি সদয় ব্যবহার ও তাদের সুখ-দুঃখের সাথী হতে হবে।