ইংরেজি উইকিপিডিয়াতে সর্বমোট ৪১ জন উইকিপিডিয়া ক্যাম্পাস অ্যাম্বাসেডর আছেন। এই তালিকাতে এখন পর্যন্ত আমি প্রথম এবং সর্বশেষ বাংলাদেশি জাহিদ হোসাইন খান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ছাত্র জাহিদ ২০০৯ থেকে উইকিপিডিয়ার সাথে জড়িত। ইংরেজি-বাংলাউইকিপিডিয়াসহ বিভিন্ন উইকি প্রকল্প মিলিয়ে ৫০৯৬টি এডিট করেছি।
মায়ের নাম জাহানারা ইয়াসমিন। ছেলের এমন কৃতিত্বে উচ্ছ্বসিত তিনি। তার জন্ম মানিকগঞ্জের ঘিওরে। মাধ্যমিক পড়াশোনা শেষের আগেই বিয়ে হয়ে যায়। স্বামী বাংলাদেশ নৌবাহিনীর নাবিক ছিলেন বলে বেশির ভাগ সময় কেটেছে চট্টগ্রামে পতেংগাতে। ২০০৯ থেকে ঢাকার মিরপুরে বাস করছেন।
জাহিদের মায়ের সাথে কথা বলে জানা যায়, জাহিদ ক্লাস সেভেন পর্যন্ত কখনই কোন ক্লাসে সব বিষয়ে পাস করতো না। এ জন্য পারিবারিক শাসনের মাত্রা ছিল চরম। এতে ছেলে বখে যাওয়ার সুযোগ থাকে। বখে গিয়েও এসএসসিতে জিপিএ পাঁচ পেয়েছিল। আর এটাই ওর জন্য কাল হয়ে যায়। মনে করে আকাশের চাঁদ হাতে পেয়ে যায়। এরফলে এইচএসসিতে ফলাফল বিপর্যয়। কোন মতে জিপিএ চার অতিক্রম করে। পারিবারিক সঙ্গতি ছিল না বলে আগেই জানিয়ে রেখেছিলাম প্রাইভেট বিশ্ববিদ্যালয় বা মেডিক্যালে পড়া যাবে না। কিন্তু কিভাবে জানি সহজ পথে দুই তিনটা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় টিকে গিয়ে শেষবেলায় নোঙ্গর ফেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে।
তিনি আরো বলেন, চট্টগ্রামে ছিলাম বলে প্রথম দু বছর চাচাতো বোন আর স্যার এ এফ রহমান হলে কাটে ওর। চাচাতো বোনদের বাসায় কম্পিউটার, ইন্টারনেট সংযোগের সুযোগই জাহিদকে বর্তমান অবস্থানে নিয়ে আসছে। এর মধ্যে শুনতাম ও নাকি গণিত অলিম্পিয়াডের স্বেচ্ছাসেবক। গণিত উত্সবের নানা কাজে বলা নেই কওয়া নেই বাসা থেকে নাকি হুটহাট ৪/৫ দিন লাপাত্তা হয়ে যেত। এইতো গত বছরে একটানা ১৬ দিন কোন যোগাযোগ না করেই বরিশাল, ময়মনসিংহ, চট্টগ্রাম, সিলেটে গণিত অলিম্পিয়াডের বিভিন্ন অনুষ্ঠানের পিছনে দৌড়াদড়ি করে।
জাহিদকে দেখে ওর যত ভাগ্নেরা বিপত্তিতে থাকে। জাহিদের মোটামুটি সব খারাপ গুণগুলোই সব পিচ্চিদের মাঝে চলে গেছে। ওর চাচাতো বোনের ছেলে স্যাফায়ার হোসেন স্বচ্ছ ঢাকা রেসিডেন্সিয়ালে ক্লাস সিক্সে পড়ার সময় উইকিপিডিয়ার সাথে নাকি যুক্ত হয়। আর নতুন দায়িত্ব সম্পর্কে বলেন, জাহিদের বর্তমানে পড়াশোনার রেজাল্ট শুনি খালি পাস করেছে, কোন গ্রেড বা নম্বরই বলে না। মার্স্টাস পরীক্ষা শেষ কিন্তু চাকরির কোনই চিন্তাই নেই। উইকিপিডিয়া জিনিসটা আমি আসলেই বুঝি না বা বোঝার সক্ষমতাও নাই। শুধু একটু বুঝলাম-সারারাত জেগে জেগে অকারণেই ইলেকট্রিসিটির বিল তুলে কী করে এখন। নিজের রুম কেন অগোছালো তার জন্য সব সময় উইকিপিডিয়া আর ফেসবুককে দায়ি করে সে।
