ইসিজি মেশিন নষ্ট ৩ বছর এক্সরে মেশিন ৪ মাস

আপডেট : ২৭ অক্টোবর ২০১৩, ১৯:৫৭
যশোরের অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র এক্সরে মেশিনটি দীর্ঘ চার মাসেও সচল হয়নি। সেই সাথে তিন বছর যাবত্ বিকল হয়ে রয়েছে একমাত্র ইসিজি মেশিনটি। এ কারণে ভোগান্তিতে পড়েছেন হাজার হাজার রোগী। এই সুযোগে নওয়াপাড়ার প্যাথলজি সেন্টার ও প্রাইভেট ক্লিনিকগুলোর পোয়াবারো। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র এক্সরে মেশিনটি গত ২৪ জুন থেকে বিকল হয়ে পড়েছে। হাই টেনশন অয়েলের অভাবে মেশিনটি বিকল হয়ে পড়ে বলে হাসপাতাল সূত্র জানায়। তাছাড়া অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র ইসিজি মেশিনটি তিন বছর ধরে বিকল থাকায় চরম ভোগান্তির শিকার হচ্ছে উপজেলার সাধারণ রোগীরা। হাসপাতাল সূত্র জানায়, ইসিজি মেশিনটি এ হাসপাতালে সরবরাহ করার পর মাত্র ৫/৬ মাস সচল থেকেই নষ্ট হয়ে যায়। অভিযোগ রয়েছে কতিপয় ডাক্তার ও দালাল পরিকল্পিতভাবে এক্সরে ও ইসিজি মেশিন নষ্ট করে রাখে। অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আহম্মেদ বদরুদ্দোজা বলেন, এক্সরে মেশিনটি বেশ কিছুদিন যাবত্ বিকল হয়ে রয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ মেশিনটি সচল করতে উদ্যোগ নিয়েছেন। আশা করি স্বল্প সময়ের মধ্যে এক্সরে মেশিনটি সচল হবে। তবে ইসিজি মেশিনটি কত দিনের মধ্যে সচল করা সম্ভব হবে তা নিশ্চিত নই।